Property Rules: বাবার সম্পত্তিতে ছেলের অধিকার থাকে, ছেলের সম্পত্তিতে কি বাবার অধিকার থাকে? | Property Rules: Son Have Rights on Fathers Property, But Can Father Have Rights on Son's Property? - 24 Ghanta Bangla News
Home

Property Rules: বাবার সম্পত্তিতে ছেলের অধিকার থাকে, ছেলের সম্পত্তিতে কি বাবার অধিকার থাকে? | Property Rules: Son Have Rights on Fathers Property, But Can Father Have Rights on Son’s Property?

Spread the love

নয়া দিল্লি: মা-বাবার উপার্জন বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে সন্তানের অধিকার থাকে, এ কথা সকলের জানা। যদি ছেলে-মেয়ে থাকে, তবে বাবার সম্পত্তিতে তাদের দুইজনেরই সমান অধিকার থাকে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বাবার সম্পত্তিতে ছেলের অধিকার থাকলে, ছেলের নিজের উপার্জনে কেনা সম্পত্তিতে কি বাবা-মায়ের কোনও অধিকার রয়েছে?

পরিবারে সম্পত্তি নিয়ে বিবাদ নতুন কিছু নয়। তবে উত্তরাধিকার নিয়ে বহু প্রশ্নই থাকে। বাবা-মায়ের সম্পত্তিতে সন্তানের অধিকার সকলের জানা। কিন্তু সন্তান মারা গেলে, সেই সম্পত্তি কি শুধুমাত্র স্ত্রী ও সন্তানদের হাতে থাকে নাকি বাবা-মাও সেই সম্পত্তিতে ভাগ পান? হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী, এই প্রশ্নগুলির উত্তর নির্ভর করে সম্পত্তির ধরন, মৃত ব্যক্তির পারিবারিক পরিস্থিতি এবং তিনি উইল করে গিয়েছেন কি না, তার উপর।

ছেলে উইল না করে মারা গেলে কী হবে?

হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী, কোনও হিন্দু ব্যক্তি উইল না করে মারা গেলে, তাঁর সম্পত্তি প্রথমে প্রথম শ্রেণির উত্তরাধিকারীদের মধ্যে ভাগ করা হয়। এই তালিকায় থাকেন স্ত্রী, ছেলে, মেয়ে এবং মা। অর্থাৎ মৃত ব্যক্তির স্ত্রী, সন্তান এবং মা জীবিত থাকলে তাঁরা প্রত্যেকে আইন অনুযায়ী সমান অংশ পাবেন। কোনও ব্যক্তির স্ত্রী, এক সন্তান এবং মা জীবিত থাকলে, তাঁর সম্পত্তি সাধারণভাবে তিনটি সমান ভাগে ভাগ হবে।

ছেলের সম্পত্তিতে বাবার কি অধিকার রয়েছে?

হিন্দু উত্তরাধিকার আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী, ছেলের নিজের উপার্জনে তৈরি সম্পত্তির ক্ষেত্রে মা প্রথম শ্রেণির উত্তরাধিকারী। তবে বাবা দ্বিতীয় শ্রেণির উত্তরাধিকারী হন।

ছেলে যদি উইল না করে মারা যান এবং তাঁর মা, স্ত্রী বা সন্তানদের মতো কোনও প্রথম শ্রেণির উত্তরাধিকারী জীবিত থাকলে, বাবা সাধারণত ওই সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে অংশ পান না। প্রথম শ্রেণির কোনও উত্তরাধিকারী না থাকলেই দ্বিতীয় শ্রেণির উত্তরাধিকারীদের অধিকার বিবেচনা করা হয়।

অবিবাহিত ছেলে মারা গেলে সম্পত্তি কে পাবেন?

কোনও অবিবাহিত হিন্দু পুরুষ যদি উইল না করে মারা যান এবং তাঁর মা জীবিত থাকেন, তাহলে তিনি প্রথম শ্রেণির উত্তরাধিকারী হিসেবে সম্পত্তিতে অধিকার পাবেন। মা জীবিত না থাকলে, আইন অনুযায়ী দ্বিতীয় শ্রেণির উত্তরাধিকারীদের অধিকার বিবেচনা করা হবে। সেই ক্ষেত্রে বাবা সম্পত্তি পেতে পারেন।

বিবাহিত ছেলে মারা গেলে সম্পত্তি কীভাবে ভাগ হবে?

কোনও বিবাহিত হিন্দু ব্যক্তি যদি উইল না করে মারা যান এবং তাঁর স্ত্রী, সন্তান, মা প্রথম শ্রেণির উত্তরাধিকারী হিসেবে সম্পত্তিতে অংশ পাবেন। প্রত্যেকের ভাগ আইন অনুযায়ী নির্ধারিত হয়। অর্থাৎ স্ত্রী বা সন্তান থাকলেই তাঁরা সম্পত্তির সম্পূর্ণ মালিক হয়ে যান না; মৃত ব্যক্তির মা-ও নিজের অংশ পেতে পারেন।

কোনও মহিলা উইল না করে মারা গেলে কী হবে?

কোনও হিন্দু মহিলা উইল না করে মারা গেলে, তাঁর সম্পত্তি বণ্টনের নিয়ম হিন্দু উত্তরাধিকার আইনের ১৫ ও ১৬ ধারায় নির্ধারিত হয়। সাধারণভাবে, প্রথমে তাঁর ছেলে, মেয়ে এবং স্বামী সম্পত্তিতে অধিকার পান। তবে সম্পত্তি কীভাবে অর্জিত হয়েছিল এবং তাঁর সন্তান বা স্বামী জীবিত রয়েছেন কি না, তার উপর ভিত্তি করে উত্তরাধিকার বণ্টনের নিয়ম বদলাতে পারে।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির উত্তরাধিকারী কারা?

হিন্দু উত্তরাধিকার আইনে পুরুষের সম্পত্তির ক্ষেত্রে প্রথম শ্রেণির উত্তরাধিকারীদের মধ্যে রয়েছেন ছেলে, মেয়ে, স্ত্রী ও মা-সহ আইনে নির্দিষ্ট অন্যান্য উত্তরাধিকারী। দ্বিতীয় শ্রেণিতে রয়েছেন বাবা, ভাই, বোন এবং আইন অনুযায়ী নির্ধারিত অন্যান্য আত্মীয়।

তবে মনে রাখা উচিত, সম্পত্তি নিয়ে ভবিষ্যতে বিবাদ এড়াতে উইল করে রাখা উচিত। তবে উইল করারও নির্দিষ্ট আইনি নিয়ম রয়েছে। সম্পত্তি পৈতৃক না নিজস্ব উপার্জনে কেনা, কোনও উইল রয়েছে কি না এবং পরিবারের পরিস্থিতি—সবকিছু বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রয়োজন হলে আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *