আঁটসাঁট নিরাপত্তা, বাহিনী দিয়ে বুথ পাহারা কমিশনের
নন্দীগ্রাম: রাত পোহালেই হাইভোল্টেজ নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের প্রাক্কালে গোটা এলাকা মুড়ে ফেলা…
নন্দীগ্রাম: রাত পোহালেই হাইভোল্টেজ নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের প্রাক্কালে গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার বলয়ে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামীকাল ভোটের দিন শান্তি বজায় রাখতে মোতায়েন থাকছে মোট ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া বিশেষ নজরদারি চালানো হচ্ছে চিহ্নিত ৭৯টি স্পর্শকাতর বুথে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারের উপনির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৪১৯ জন। ভোট গ্রহণের জন্য মোট বুথের সংখ্যা ৩২৩টি। এর মধ্যে বিশেষ গুরুত্ব দিয়ে চিহ্নিত করা হয়েছে ৭৯টি স্পর্শকাতর বুথ। নারীদের অংশগ্রহণ বাড়াতে এবং বিশেষ উদ্যোগ হিসেবে ৭৭ ও ৭৮ নম্বর বুথ দুটিকে সম্পূর্ণ মহিলা পরিচালিত বুথ হিসেবে সাজিয়ে তোলা হয়েছে।
শেষ মুহূর্তের প্রস্তুতি ও নিরাপত্তা বলয়
ভোটের আগের দিন সকাল থেকেই নন্দীগ্রাম-২ ব্লকের রেয়াপাড়ায় শিবমন্দির সংলগ্ন মাঠ ক্যাম্প থেকে ভোটকর্মীদের হাতে ইভিএম সহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়। পাশাপাশি, রেয়াপাড়ার একটি বেসরকারি বিএড কলেজ চত্বরে ডিসিআরসি (DCRC) সেন্টার খোলা হয়েছে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা এলাকায় জোরদার করা হয়েছে নাকা চেকিং, রুট মার্চ, এলাকা দখল কর্মসূচি এবং লাগাতার টহলদারি। সাধারণ মানুষের অবাধে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে মাঠে নামানো হয়েছে কুইক রেসপন্স টিম (QRT), সেক্টর ফোর্স ও অন্যান্য বিশেষ বাহিনীকে। জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সমস্ত প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন শুধু ভোটগ্রহণের অপেক্ষা।
মেডিক্যাল রিপোর্ট প্রকাশ নিয়ে ক্ষোভ! SSKM ও স্বাস্থ্য ভবনকে আইনি নোটিস মমতার
পুরুলিয়ার রঘুনাথপুরে গড়ে উঠছে রাজ্যের প্রথম ইন্টিগ্রেটেড ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি