পা তো ভাঙেইনি! শুভেন্দুর তিরে প্রাক্তন মুখ্যমন্ত্রী
এ দিন নবান্নে শুভেন্দু বলেন, ‘২০২১–য়ে পুরো নন্দীগ্রামকে মুখ্যমন্ত্রী (তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা) অপমান করেছিলেন— তাঁর পা নাকি ভেঙে দেওয়া হয়েছে!’ এর পরেই বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের রেডিয়ো ডায়গনোসিস বিভাগের একটি নথি তুলে ধরে তিনি জানান, সেটি ২০২১–এর ১১ মার্চের রিপোর্ট। শুভেন্দুর বক্তব্য, ‘ওই নথিতে স্পষ্ট উল্লেখ রয়েছে— ফ্র্যাকচারের কোনও চিহ্ন পাওয়া যায়নি।’ পাঁচ বছর আগে নন্দীগ্রামের ওই ঘটনার পরে তৎকালীন মুখ্যমন্ত্রীর চিকিৎসায় চার-পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছিল। সেই চিকিৎসক দলে অর্থোপেডিক, সার্জারি, নিউরো মেডিসিন, নিউরো সার্জারির চিকিৎসকরা ছিলেন। এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে পুরো বিষয়টি এগিয়েছিল।