আবার উত্তাল যন্তর মন্তর, ডিজিটাল–সত্যাগ্রহে ‘হাত’, রবিতে সিটিজ়েন্স মার্চ
এই সময়: প্রতিবাদ পথে, লড়াই আদালতে, জোট বাঁধার ডাক ডিজিটাল মাধ্যমে।
দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) পদ থেকে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধী দলগুলির পাশাপাশি ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি), বাম বা অতিবামপন্থী ছাত্র সংগঠনগুলির প্রতিবাদ অব্যাহত শনিবারও। জ্ঞানেশ কুমার অবিলম্বে ইস্তফা না–দিলে আগামী ১০ অক্টোবর ফের দিল্লির যন্তর মন্তর অভিযানের ডাক দিয়েছেন সিজেপি–র অভিজিৎ দীপকে। তবে শুক্রবারের পরে শনিবার ফের যন্তর মন্তরে প্রতিবাদ জানাতে জড়ো হলেন হাজার খানেক মানুষ। বিরাট পুলিশি ব্যারিকেড সত্ত্বেও বাম ছাত্র সংগঠন আইসা, সমাজের বিভিন্ন স্তরের মানুষ সামিল হন সেখানে। সেই দলে ছিলেন সমাজকর্মী যোগেন্দ্র যাদব, আইনজীবী প্রশান্ত ভূষণই, কপিল সিবালরাও।