Panchasayar Couple Death: সিলিং ফ্যান থেকে ঝুলছেন স্বামী, স্ত্রীর খোঁজ করতে গিয়ে শিউরে উঠল পুলিশ | Couple found dead at home police probe mysterious deaths in panchasayar
কলকাতা: ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। জানালা দিয়ে ভেতরের দিকে চোখ পড়তেই চক্ষু চড়কগাছ পড়শিদের। ঘরের ভেতর ঝুলছেন বৃদ্ধ। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে দেখল, বিছানায় পড়ে রয়েছেন এক বৃদ্ধাও। তাঁরা দম্পতি। রবিবার পঞ্চসায়র থানা এলাকার একটি বাড়ি থেকে ওই দম্পতির দেহ উদ্ধার হয়। কীভাবে তাঁদের মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত দম্পতির নাম অসিত আশ (৬৬) ও মন্দিরা আশ (৬৪)। পুলিশ জানিয়েছে, এদিন সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ তারা খবর পায়, ২৭ নম্বর নব মালঞ্চ, নয়াবাদ এলাকায় একটি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে এবং ঘরের মধ্যে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখা গিয়েছে। খবর পেয়ে পঞ্চসায়র থানার ওসি-র নির্দেশে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়।
স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। দেখতে পায়, অসিত আশ সিলিং ফ্যান থেকে গলায় গামছা লাগিয়ে ঝুলছেন। একই ঘরে দেখা যায়, মন্দিরা আশ বিছানায় পড়ে রয়েছেন। পুলিশ দ্রুত অসিত আশকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আনে। এবং দু’জনকেই চিকিৎসার জন্য এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অসিত ও মন্দিরা আশ দীর্ঘদিন ধরে ওই বাড়িতেই বসবাস করছিলেন। তাঁদের আত্মীয়দের খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে গামছা-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্ত্রীকে খুন করে অসিত আত্মঘাতীয় হয়েছেন, নাকি দম্পতির মৃত্যুর পিছনে অন্য কারণ রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পঞ্চসায়র থানার পুলিশ।