Kolkata Traffic: ঘোরানো হবে গাড়ি, ঢুকতে দেওয়া হবে না এইসব রাস্তায় পুজোর আগেই যান নিয়ন্ত্রণ কলকাতায় | Traffic control in Kolkata ahead of Puja, special traffic arrangements from October 8
ধর্মতলা বাস টার্মিনাসImage Credit: Tv9 Bangla
দুর্গাপুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছে দেওয়ার কাজও শুরু হবে। পুজোর দিনগুলিতে শহরে বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে আগেভাগেই যান নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ।
৮ অক্টোবর দুপুর থেকে ১৬ অক্টোবর ভোর পর্যন্ত কলকাতার একাধিক রাস্তায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা চালু থাকবে। এই সময়ে মূলত প্রতিমা পরিবহণ এবং পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে রবীন্দ্র সরণির দিকে যাওয়া গাড়িগুলিকে নির্দিষ্ট কয়েকটি রাস্তা ব্যবহার করতে হবে। যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, রাজা নবকৃষ্ণ স্ট্রিট এবং অরবিন্দ সরণি দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।
প্রতিমা নিয়ে কুমোরটুলি থেকে বেরোনোর সময় মদনমোহনতলা, বাগবাজার স্ট্রিট ও স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড ব্যবহার করতে হবে।
এই সময় প্রতিমা বহনকারী গাড়ি ছাড়া অন্য কোনও পণ্যবাহী গাড়িকে রবীন্দ্র সরণিতে ঢুকতে দেওয়া হবে না।
বিকল্প পথে পণ্যবাহী গাড়িগুলিকে স্ট্র্যান্ড রোড, নিমতলা ঘাট স্ট্রিট, বি কে পাল অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ ও গিরিশ অ্যাভিনিউ দিয়ে চলাচল করতে হবে।
প্রতিমা বহনকারী গাড়ির চলাচলে যাতে সমস্যা না হয়, সে জন্য শোভাবাজার স্ট্রিট থেকে ডিসি ব্যানার্জি রোডের মধ্যবর্তী স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।
পুজোর ভিড় সামলাতে ১৩ অক্টোবর, তৃতীয়া থেকে শহরের আরও একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ শুরু হবে। নির্দিষ্ট সময়ে বিভিন্ন রাস্তায় পণ্যবাহী গাড়ির চলাচল বন্ধ রাখা হবে।
তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে এই বিধিনিষেধের আওতার বাইরে রাখা হবে।
মহালয়ার দিন ভোর থেকে রাত পর্যন্ত গঙ্গার ঘাট সংলগ্ন এলাকা এবং স্ট্যান্ড রোডে বিশেষ যান নিয়ন্ত্রণ থাকবে।
পুজোর দিনগুলিতে যানজট কমাতে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পার্কিংয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রতিমা বিসর্জনের সময়ও থাকবে বিশেষ ট্রাফিক ব্যবস্থা। দশমীর পর থেকে লক্ষ্মীপুজোর আগে পর্যন্ত ঘাটমুখী বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।
কালীঘাট, গার্ডেনরিচ রোড, বাগবাজার রোড-সহ একাধিক এলাকায় প্রয়োজন অনুযায়ী যান চলাচল নিয়ন্ত্রণ করতে পারে পুলিশ।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির প্রয়োজন হলে পুজোর সময়ে শহরের যে কোনও রাস্তায় সাময়িকভাবে যান নিয়ন্ত্রণ করা হতে পারে।