৪৫ ফুটের দুর্গায় দেশপ্রিয় পার্কের স্মৃতি, চমক জলপাইগুড়ির বামনপাড়া যুবক সঙ্ঘের - 24 Ghanta Bangla News
Home

৪৫ ফুটের দুর্গায় দেশপ্রিয় পার্কের স্মৃতি, চমক জলপাইগুড়ির বামনপাড়া যুবক সঙ্ঘের

Spread the love

এই সময়, জলপাইগুড়ি: ২০১৫-য় কলকাতার দেশপ্রিয় পার্কে ৮৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে তৈরি হয়েছিল আলোড়ন। নদিয়ার রানাঘাটে কালীপুজোয় ১০৮ ফুটের প্রতিমা তৈরি হয়েছিল। এ বার সেই বড় প্রতিমার স্মৃতি উসকে জলপাইগুড়িতে তৈরি হচ্ছে ৪৫ ফুটের দুর্গা। শহরের বামনপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির প্রতিমার উপরে থাকবে আরও পাঁচ ফুটের মুকুট। সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতীর মূর্তিও। থিমের বদলে সাবেকি আঙ্গিকে বিশাল দুর্গার রূপই দর্শনার্থীদের উপহার দিতে চান উদ্যোক্তারা।

বামনপাড়া যুবক সঙ্ঘের উদ্যোগে এবং বামনপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির পরিচালনায় এ বারের পুজো ৭৪ বছরে। দক্ষিণবঙ্গের বাইরে জলপাইগুড়ি বা আশপাশে এত বড় দুর্গাপ্রতিমা আগে হয়নি বলেই দাবি কমিটির। ৪৫ ফুটের প্রতিমার কাজ শুরু হয়েছে গত অগাস্ট থেকে। প্রতিমায় লাগছে দুই টন খড় ও এক কুইন্টালের বেশি পাটকাঠি। মৃৎশিল্পী দিনবন্ধু পাল বলেন, ‘এত বড় মূর্তি, তাই আগে থেকেই ছক করে কাঠামো তৈরির কাজ শুরু করা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে সমস্যা তৈরি হয়। পরবর্তীতে আকাশ পরিষ্কার হওয়ায় কাজের সুবিধা হয়েছে। গোটা মূর্তি গড়তে এখন পর্যন্ত সাত টন মাটি লেগেছে। আরও মাটির প্রয়োজন হবে, কাজ এখনও চলছে। তবে চতুর্থীর মধ্যে কাজ শেষ করে দেওয়া হবে।’ প্রতিমার ডাকের সাজ আসছে কৃষ্ণনগর থেকে। বড় প্রতিমার অস্ত্রশস্ত্র তৈরি হচ্ছে প্লাইবোর্ড দিয়ে।

কমিটির যুগ্ম সম্পাদক সুশোভন সরকার বলেন, “জলপাইগুড়ি বা আশপাশের এলাকায় বড় দুর্গা আগে কখনও হয়নি। তাই সাবেকি আঙ্গিকে দুর্গার বড় রূপ দেখানোই আমাদের উদ্দেশ্য।”

এক সময়ে পাড়ার মধ্যে ছোট করে পুজো হতো। এলাকার বাসিন্দাদের দাবিতে ২০১৩-র ‘নারী সুরক্ষা’ থিম দিয়ে বড় পুজোর শুরু। ওই বছর পুরসভার পুরস্কার পাওয়ার পরে

উৎসাহ বাড়ে। এরপর ‘সেভ ওয়াটার, সেফ লাইফ’, ‘বাঙালিয়ানা’ থেকে গত বছরের ‘নবদুর্গা’-বিভিন্ন থিমে পুরস্কার এসেছে। এই বছর মণ্ডপ হচ্ছে বৈকুণ্ঠপুর রাজবাড়ির নাটমন্দিরের আদলে। দায়িত্বে পার্থ মুখোপাধ্যায়। আলোকসজ্জায় সুজয় দাস। কমিটির যুগ্ম সম্পাদক সায়নদীপ চন্দ বলেন, “এবার থিম থেকে বেরিয়ে একটু অন্য ভাবে পুজো উপহার দিতেই এই উদ্যোগ।” চতুর্থীতে উদ্বোধন হবে পুজোর। সভাপতি দীপঙ্কর দেবনাথ জানান, প্রতিদিন সন্ধ্যায় থাকবে ঢাকের অনুষ্ঠান। সপ্তমী থেকে নবমী ভোগের ব্যবস্থাও থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *