বাইরে মিছিল, ক্যাম্পাসে জমায়েত! SRFTI নিয়ে আজ ফের চিন্তা
পড়ুয়াদের তরফে শনিবার কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রী তথা প্রতিষ্ঠানের আচার্য অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছে এসআরএফটিআইয়ের ছাত্র সংসদ।
সেখানে আজ ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যায় নিরাপত্তারক্ষী মোতায়েন করা, কলকাতা পুলিশের সঙ্গে কথা বলে প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করা এবং মিছিলের অভিমুখ নিয়ে সচেতন করার দাবিও জানিয়েছেন তাঁরা। রাজ্য সরকারের সঙ্গে প্রতিষ্ঠানের কর্তাদের যোগাযোগ রাখা এবং ছাত্র প্রতিনিধিদের এই বিষয়ে নির্দিষ্ট সময়ে আপডেট দেওয়ার বিষয়েও আশ্বাস চেয়েছেন পড়ুয়ারা। এ দিন পঞ্চসায়র থানাতেও গিয়েছিলেন পড়ুয়াদের একাংশ। সূত্রের দাবি, পুলিশকে তাঁরা অনুরোধ করেছেন, বাইরের মিছিল যেন ক্যাম্পাসের গেট পর্যন্ত পৌঁছতে না–পারে। দরকারে মিছিলের রুট ঘুরিয়ে দেওয়ার অনুরোধও জানিয়েছেন পড়ুয়ারা। এই প্রতিষ্ঠানের এক ছাত্রীর কথায়, ‘পুলিশ আমাদের মৌখিক ভাবে আশ্বস্ত করেছে যে, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না। প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ করা হবে।’