আক্রান্ত আইনজীবীরা, রড-বাঁশ নিয়ে হামলার অভিযোগ
এই সময়, গড়বেতা: দিন কয়েক আগে গড়বেতায় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে হামলার মুখে পড়তে হলো বামপন্থী আইনজীবী সংগঠনের সদস্যদের। ঘটনাটি ঘটেছে শনিবার। অভিযোগ, ধাদিকা বাজার এলাকায় আইনজীবীদের গাড়িতে তিন দফায় গড়বেতা এবং পরে শালবনি থানা এলাকায় লাঠি, শাবল, বাঁশ নিয়ে হামলা হয়। কলকাতা হাইকোর্টের তিন জন পুরুষ ও দু’জন মহিলা আইনজীবী জখম হন। মহিলাদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। তিনটি গাড়ি ভাঙচুরের পরে পশ্চিম মেদিনীপুরের পুলিশ তাঁদের নিরাপত্তা দিয়ে এলাকা থেকে বের করার সময়ে শালবনিতে ফের হামলা হয়। হামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে বিজেপি। গড়বেতার বিজেপি বিধায়ক প্রদীপ লোধা বলেন, ‘এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই।’