মাছ না খেলেও মিলবে ওমেগা-৩, এই ৩ খাবার রাখুন ডায়েটে
ফ্ল্যাক্স সিডস বা তিসির দানা
তিসিতে মূলত ALA (alpha-linolenic acid) ওমেগা-৩ পাওয়া যায়। ১ টেবিল চামচ তিসির দানায় ২.৩ গ্রাম ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। পাশাপাশি এতে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার, উদ্ভিদজাত প্রোটিন এবং লিগন্যান রয়েছে। লিগন্যান এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। দই, ওটস, স্মুদি ইত্যাদিতে তিসির দানা মিশিয়ে খেতে পারেন।
চিয়া সিডস
এই উদ্ভিজ্জ খাবারেও ALA ওমেগা-৩ রয়েছে। ১ টেবিল চামচ চিয়া বীজে প্রায় ২.১ গ্রাম ওমেগা-৩ পাওয়া যায়। এ ছাড়া ফাইবার, প্রোটিন, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফসফরাস পাওয়া যায়। দই, ওটস, স্মুদি বা জলে ভিজিয়ে রেখে চিয়া খাওয়া যায়। এ ছাড়া চিয়া পুডিং বানিয়েও খেতে পারেন। তবে যখনই চিয়া সিডস খাবেন, প্রচুর পরিমাণে জল পান করুন।
আখরোট
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের খনি হলো আখরোট। মাত্র ৩০ গ্রাম আখরোটে প্রায় ২.৫ গ্রাম ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এ ছাড়াও এই বাদামে পলিআনস্যাচুরেটেড ফ্যাট, প্রোটিন, ফাইবার, ম্যাগনেশিয়াম ও কপার রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায় আখরোটে। রোজ এক মুঠো আখরোট খেতে পারেন। এ ছাড়া ওটস, দইয়ের সঙ্গে মিশিয়েও আখরোট খাওয়া যায়।