বিমা বেচে কমিশন তুলছেন শিক্ষকরা? অভিযোগ দায়ের স্কুল শিক্ষামন্ত্রীর কাছে
এই সময়: শিক্ষকরা পড়াবেন, পরীক্ষা নেবেন, জীবন বোধ শেখাবেন—এমনটাই কাম্য। তবে সেই শিক্ষকরাই ক্লাস ফেলে অন্য স্কুলে ঘুরছেন মেডিক্লেম ও জীবন বিমা করাতে! যাতে মাস গেলে হাতে উপরি পাওনার মতো কমিশন পকেটে আসে! এই অভিযোগ সামনে আসতেই শিক্ষামহলে হইচই পড়েছে। এই অভিযোগ আবার বাইরের কেউ করেনি, করেছে একটি শিক্ষক সংগঠনই। তাদের অভিযোগ, রাজ্য জুড়ে একদল এমন শিক্ষক রয়েছেন, যাঁদের কাজ স্কুলে স্কুলে ঘুরে বা কোনও জমায়েত ডেকে শিক্ষকদের কাছে জীবন বিমা বিক্রি করা! বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে এমনই একটি চাঞ্চল্যকর অভিযোগ দায়ের হয়েছে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের কাছে। অবিলম্বে ওই শিক্ষকদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে ওই সমিতির তরফে। যদিও এ বিষয়ে মন্ত্রীর কোনও মতামত পাওয়া না গেলেও শিক্ষা দপ্তরের কর্তাদের অভিমত, ডিআই–দেরই এই অভিযোগ খতিয়ে দেখতে হবে।