ফাঁকা পিটিশন পেশের বেপরোয়া প্রবণতা, এক লক্ষ টাকা জরিমানা
আদালতের এই কঠোর পদক্ষেপে একাংশ আইনজীবী ও কর্মীদের মধ্যে স্পষ্ট বার্তা যাবে কি না, সেই প্রশ্নে উঠে আসছে বিভিন্ন এজলাসে শুনানি আগে করানোর জন্যে কর্মীদের একাংশকে মোটা টাকা ‘দক্ষিণা’ দেওয়ার প্রসঙ্গও। আইনজীবীরাই বলছেন, হাতে গোনা কিছু এজলাস বাদ দিয়ে মামলা তোলার জন্যে নিচুতলার কর্মীদের পকেট ভরানো রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। ব্যক্তিগত রিলিফ পেতে এখন হাইকোর্টে একটি নির্দিষ্ট এজলাসে গুচ্ছ গুচ্ছ মামলা হচ্ছে। এক আইনজীবী বলছেন, তাঁরা এমন ৬০টি মামলা আগে শুনানির জন্যে প্রায় ৬০ হাজার টাকা দক্ষিণা দিতে বাধ্য হয়েছেন। সম্প্রতি এমন ভাবে আগে মামলা তুলে আনার ঘটনা উপলব্ধি করে বিচারপতি কৃষ্ণা রাও খোলা এজলাসেই কর্মীদের একাংশকে হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু তার পরেও এই প্রবণতা কমার কোনও ইঙ্গিত নেই বলে অভিযোগ। এ ক্ষেত্রে কিছু এজলাসে বিচারপতির শক্ত হাতে বিষয়টি হ্যান্ডেল করার উদাহরণ যেমন দিচ্ছেন আইনজীবীরা, তেমনই তাঁরা মানছেন, মক্কেলদের চাহিদা মতো মামলার দ্রুত শুনানি করাতে তাঁদেরই কেউ কেউ কর্মীদের পকেটে কিছু গুঁজে দেওয়ার অভ্যাস শুরু করেছিলেন। এখন সেই ‘কিছু’ই মামলা–পিছু কয়েক হাজারে গিয়ে ঠেকেছে!