ইনস্টা–ইউটিউব ফলোয়ার্সে পিছিয়ে পদ্ম! কংগ্রেসকে টেক্কা দেওয়াই চ্যালেঞ্জ
সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি
মেডিক্যাল প্রবেশিকা (নিট) প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে সংগঠিত ছাত্র বিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে৷ এই ধাক্কা সামাল দেওয়ার আগেই বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস এবং রাহুল গান্ধীর ফলোয়ার্স বৃদ্ধির তথ্য! গেরুয়া শিবিরের সংগৃহীত পরিসংখ্যান বলছে, ইনস্টাগ্রাম আর ইউটিউবে রাহুল গান্ধী এবং কংগ্রেসের ফলোয়ার্স ক্রমেই বাড়ছে৷ রাহুল গান্ধীর নেতৃত্বে আয়োজিত ‘ছাত্রোঁ কী গুঞ্জ’ সমাবেশকে ঘিরেও সোশ্যাল মিডিয়ায় বাড়ছে কংগ্রেসের ফলোয়ার্স৷ ইউটিউবে কংগ্রেসের ফলোয়ার্স এখন ৭৯.৩ লাখ, যেখানে বিজেপির ৬৪.২ লাখ৷ ইনস্টাগ্রামে কংগ্রেসের ফলোয়ার্স ১.৫৪ কোটি৷ জেন জ়ি–র অত্যন্ত প্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিজেপির ফলোয়ার্স ৯৯.২ লাখ৷ রাহুল গান্ধীর ব্যক্তিগত ইনস্টাগ্রামে ফলোয়ার্স ১৬ মিলিয়ন বা ১ কোটি ৬০ লক্ষ৷ এই পরিসংখ্যানই বিজেপির আইটি সেলের চাপ বাড়িয়েছে৷ এই আবহে অবিলম্বে বিজেপির আইটি সেলকে আরও বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন বিজেপি সভাপতি নীতিন নবীন৷ দলীয় সূত্রের দাবি, সম্প্রতি দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আয়োজিত একটি ওয়ার্কশপে বক্তব্য রাখতে গিয়ে নবীন সাফ জানিয়েছেন, কংগ্রেস এবং রাহুল গান্ধীকে সোশ্যাল মিডিয়ায় এক ইঞ্চি জায়গা ছাড়া যাবে না, তাঁদের টেক্কা দিতে হবে সর্বস্তরেই৷