শারদোৎসবে বন্ধ থাকে সিসিটিভি, বাড়ি এসে শাড়ি নেন মহামায়া
অশীন বিশ্বাস, পানিহাটি
আধুনিক প্রযুক্তির কড়া নজরদারিও যেখানে অচল হয়ে পড়ে, সেখানে যুক্তি নয়, বিশ্বাসই শেষ কথা বলে। নাটমণ্ডপে বসানো সিসিটিভি ক্যামেরা সারা বছর সচল থাকলেও শারদোৎসবের চার দিন হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। পরিবারের দাবি, দেবীর ইচ্ছাতেই এই রহস্য। প্রায় চার শতক পেরিয়েও পানিহাটির মহোৎসবতলা ঘাট লাগোয়া পুরাতনবাটি বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গোৎসবে জড়িয়ে রয়েছে এমনই অজস্র অলৌকিক গাথা ও ভক্তদের রোমাঞ্চ। এখানে দেবী স্রেফ প্রতিমা নন, যেন রক্তমাংসের ঘরের মেয়ে।