সৃজলার সঙ্গে একই ঘরে শন? বিগ বস বাংলায় চতুর্থ ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে জোর জল্পনা - 24 Ghanta Bangla News
Home

সৃজলার সঙ্গে একই ঘরে শন? বিগ বস বাংলায় চতুর্থ ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে জোর জল্পনা

Spread the love

বিগ বস বাংলার ঘরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। একের পর এক নতুন সমীকরণ, মনোমালিন্য আর বিতর্কে জমে উঠেছে রিয়্যালিটি শোয়ের অন্দরমহল। ইতিমধ্যেই তিনজন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী প্রবেশ করেছেন। এ বার চতুর্থ ওয়াইল্ড কার্ড হিসেবে অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সত্যিই কি বিগ বসের ঘরে দেখা যাবে ‘মন ফাগুন’-এর ঋষি সেনকে? আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় আপাতত সেই প্রশ্নের উত্তর অধরাই।

শনকে ঘিরে এই জল্পনা নতুন করে আগ্রহ তৈরি করেছে দর্শকদের একাংশের মধ্যে। কারণ, অভিনেতার সম্ভাব্য প্রবেশের সঙ্গে জুড়ে গিয়েছে সৃজলা গুহর প্রসঙ্গও। পর্দার বাইরের তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে অতীতে কম আলোচনা হয়নি। ফলে শন যদি সত্যিই প্রতিযোগী হিসেবে ঘরে ঢোকেন, তা হলে সৃজলার সঙ্গে তাঁর মুখোমুখি হওয়া ঘিরে যে বাড়তি কৌতূহল তৈরি হবে, তা বলাই যায়।

বিগ বস বাংলার প্রিমিয়ারের শুটিং করতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন শন বন্দ্যোপাধ্যায়। চোটের কারণে অস্ত্রোপচারও করাতে হয় তাঁকে। হাসপাতাল থেকেই সমাজমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন অভিনেতা। তাঁর বক্তব্য ছিল, অস্ত্রোপচার সফল হয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

সেই ঘটনার পর বেশ কিছুটা সময় কেটেছে। এ বার বিগ বস বাংলার সম্ভাব্য নতুন প্রতিযোগী হিসেবে তাঁর নাম সামনে আসতেই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, শারীরিক ভাবে তিনি কতটা সুস্থ এবং দীর্ঘ সময় রিয়্যালিটি শোয়ের পরিবেশে থাকার মতো অবস্থায় রয়েছেন কি না। তবে শন সত্যিই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কি না, কিংবা তাঁর শারীরিক অবস্থা এখন কেমন, সে বিষয়ে নির্মাতাদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *