India vs Brazil Press Conference: ‘ফ্রেন্ডলি ম্যাচ হলেও আমরা গুরুত্ব দিচ্ছি…’, ভারতকে হালকা ভাবে নিচ্ছে না ব্রাজিল! | India vs Brazil, Brazil Press Conference, Ancelotti Praises Indian Team Before The High Voltage Match
খালিদ জামিল ও কার্লো আন্সেলোত্তি।Image Credit: PTI
কলকাতা: আগামীকাল কলকাতার মাঠে ঐতিহাসিক ভারত বনাম ব্রাজিল ম্যাচ। ১৯৭৭ সালে শহরের বুকে খেলেছিলেন ফুটবল সম্রাট পেলে। তারপর প্রায় ৫০ বছর কেটে গিয়েছে। এবার শহরে ব্রাজিল দল। গতকাল রাতেই শহরে পৌঁছেছেন ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিকরা। রয়েছেন শহরের একটি পাঁচতারা হোটেলে। এর মধ্যেই আজ সাংবাদিক সম্মেলন করল ব্রাজিল দল। ছিলেন কোচ কার্লো আন্সেলোত্তি ও তারকা ফুটবলার মার্কুইনহোস। ভারতের তরফ থেকে ছিলেন কোচ খালিদ জামিল। সম্মেলনের শুরুতেই কোচ খালিদকে জড়িয়ে ধরলেন ডন কার্লো। নমস্কারও করতে দেখা গেল তাঁকে।
সাংবাদিক সম্মেলনে আন্সেলোত্তি বললেন, “এই দেশে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ফুটবল। এখানে ফুটবলের পাশাপাশি ক্রিকেটও একটি জনপ্রিয় খেলা। এখানকার মানুষ এগুলোই খেলতে অভ্যস্ত। তাই এখানে এসে নিজেদের দক্ষতা দেখাতে পেরে আমরা আপ্লুত। যাঁরা এই ম্যাচটি দেখার সুযোগ পাবেন, তাঁদের জন্য এটি একটি দারুণ রাত হয়ে উঠতে পারে।”
এর পাশাপাশি ভারতীয় দলের প্রশংসা শোনা গেল ডন কার্লোর মুখে। “পানামার বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচটি আমরা দেখেছি। ভারত ভাল দল এবং তাদের আক্রমণভাগ বেশ গতিশীল। তাদের ভাল একজন স্ট্রাইকার রয়েছে, উইলিয়ামস—যিনি আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন। আমরা ভারতকে নিয়ে বেশ বিশ্লেষণ করেছি। অবশ্যই তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। তাদের প্লেয়িং স্টাইল খতিয়ে দেখছি, যাতে সেই অনুযায়ী ম্যাচের জন্য ভালো ভাবে প্রস্তুতি নিতে পারি।”
অবশ্যই, আমাদের কাছে, ব্রাজিল জাতীয় দলের কাছে কোনও ম্যাচই কখনও শুধুমাত্র প্রীতি ম্যাচ নয়। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের অনেক খেলোয়াড়ই নতুন, তখন নিজেদের আরও উন্নত করার জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রতিপক্ষ দল ভারতকেও আমাদের যথাযথ সম্মান জানাতে হবে।” ভারতের তরফ থেকে যে আতিথেয়তা দেওয়া হয়েছে, তা দেখে মুগ্ধ আন্সেলোত্তি। তাঁর কথায়,“গোটা ব্রাজিল জাতীয় দলের জন্য ভারত যেভাবে অভ্যর্থনা জানিয়েছে, তার জন্য ধন্যবাদ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি, আগামীকাল আমরা দারুণ একটা ম্যাচ উপহার দিতে পারব।”
এই সম্মেলনেই ছিলেন জাতীয় দলের ফুটবলার আনোয়ার আলিও। তিনি বললেন,“বড় ম্যাচ। সারা বিশ্ব কাল আমাদের দেখবে। ভারতের ফুটবলের জন্য এটা একটা ভাল বিজ্ঞাপন। ব্রাজিল আর পানামা দুই দলের জন্যই আলাদা প্ল্যানিং করা আছে। কোচের নির্দেশ মতোই আমরা চলছি।” আত্মবিশ্বাসের ঘাটতি নেই ভারত কোচ খালিদ জামিলের মধ্যেও। তিনি বললেন,“জানি চাপ আছে কিন্তু এই চাপ সামলাতে হবে। আমরা জানি এই ম্যাচের গুরুত্ব। ব্রাজিলকে আমরা কোনওভাবেই হালকা ভাবে নিতে চাই না। আমরা জানি ওরা বিশ্বের সেরা টিম। কিন্তু আমরাও তৈরি। আমরা নিজেদের সেরাটা দিতে চাই।” আজ বিকেলে যুবভারতীর সবুজ গালিচায় প্র্যাকটিসে নামবে ব্রাজিল। আর তার ২৪ ঘন্টা পরেই, বড় ম্যাচ।