‘ভারতীয় পাইলটদের ওপর কী ঝড় বইত…’, স্মিত মচ্ছরের সঙ্গে ফোনালাপে মন্তব্য মোদীর
নয়াদিল্লি: ফ্লাইদুবাই (flydubai) বিমানে সম্ভাব্য নাশকতা ও বড় দুর্ঘটনা রুখে দেওয়া বীর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে (Smit Machchhar) ফোন করে তাঁর সাহসিকতার প্রশংসা করলেন…
নয়াদিল্লি: ফ্লাইদুবাই (flydubai) বিমানে সম্ভাব্য নাশকতা ও বড় দুর্ঘটনা রুখে দেওয়া বীর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে (Smit Machchhar) ফোন করে তাঁর সাহসিকতার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহিতে চিকিৎসাধীন ওই পাইলটের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করে জানান, যদি সে দিন ঘটনা অন্যরকম মোড় নিত, তবে ভারতীয় পাইলটদের বিশ্বজুড়ে কতটা দুর্নাম ও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতো!
ইউএই-তে চিকিৎসাধীন ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে ফোনে প্রধানমন্ত্রী মোদী বলেন, “যদি এটা না ঘটত, তবে কে জানে ভারতকে কী পরিস্থিতির মুখোমুখি হতে হতো, সমস্ত ভারতীয় পাইলটদের কী সহ্য করতে হতো এবং তাঁদের ঠিক কীভাবে দেখা হতো! আপনি সবাইকে বাঁচিয়েছেন। আপনি খুব বড় একটা কাজ করেছেন।”
প্রত্যক্ষভাবে উল্লেখ না করলেও প্রধানমন্ত্রীর এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় চলা সেই সমস্ত আলোচনার ছায়া স্পষ্ট, যেখানে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে দুর্ঘটনা ঘটলে তার দায় বা আঙুল উঠতে পারত ভারতীয় পাইলটের দিকেই।
দেশবাসীর গর্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, “দেশ আজ গর্বের সঙ্গে বলতে পারে যে, ভারতীয়রা অন্যের জীবন কেড়ে নেওয়ার জন্য নয়, বরং অন্যের জীবন বাঁচাতে নিজেদের জীবন বাজি রাখতে পিছপা হন না।”
কী ঘটেছিল মাঝ আকাশে?
দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের ওই বিমানে ওমানি জাতীয়তার এক কো-পাইলট আত্মঘাতী হামলার চেষ্টা করেছিলেন এবং বিমানটি ক্র্যাশ করানোর উদ্দেশ্যে ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর ছুরিকাঘাত করেন। গুরুতর আহত হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন মচ্ছর অসামান্য সাহসিকতা ও উপস্থিত বুদ্ধি দেখিয়ে ককপিটের দরজা খুলে দেন। এর ফলে যাত্রীরা ভেতরে প্রবেশ করে আক্রমণকারীকে কাবু করেন এবং শেষ পর্যন্ত একটি বড় আকাশপথে বিপর্যয় এড়ানো সম্ভব হয়।