কয়েনে জমানো ১.৬ লক্ষ টাকা, শখের জিনিস কিনতে কী করলেন তারাপীঠের যুবক? - 24 Ghanta Bangla News
Home

কয়েনে জমানো ১.৬ লক্ষ টাকা, শখের জিনিস কিনতে কী করলেন তারাপীঠের যুবক?

Spread the love

তারাপীঠে পুজো দিতে গেলে দেখা যায় মন্দির সংলগ্ন চত্বরে সারি সারি পুজোর ডালির দোকান। সেরকমই একটি দোকানে কাজ করেন তিনি। সীমিত রোজগার থেকেই অল্প অল্প করে টাকা জমাতেন তিনি। নোট নয়, কয়েন। তিলে তিলে জমানো সেই কয়েন দিয়েই শখের বাইক কিনলেন বীরভূমের তারাপীঠের বাসিন্দা শ্রীনাথ দে।

বাইক কেনার গল্প:

রোজগারের মধ্যে থেকেই অল্প অল্প করে ৫ ও ১০ টাকার কয়েন বাঁচিয়ে জমাতেন শ্রীনাথ। প্রায় এক বস্তা কয়েন জমে গিয়েছিল। বৃহস্পতিবার সেই বস্তা নিয়ে সোজা তিনি চলে যান মল্লারপুরের একটি বাইকের শোরুমে। অত ভারী বস্তা বয়ে নিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত টোটোয় চাপিয়ে শোরুমের সামনে বস্তাভর্তি কয়েন নামান শ্রীনাথ।

মোটরবাইকের শোরুমে ওই কয়েন ভর্তি বস্তা নিয়ে ঢুকতেই চোখ কপালে ওঠে বিক্রেতাদের। গুনবে কে? শেষ পর্যন্ত শ্রীনাথের কাছে সবটা শুনে, গ্রাহকের কথা ভেবেই শোরুম কর্তৃপক্ষ ঠিক করেন, কয়েন গুনেই বিক্রি করা হবে বাইক। শেষ পর্যন্ত শোরুমের মেঝেতে কয়েনের পাহাড় থেকে বেছে বেছে গুনে গুনে দেখা যায় ১ লক্ষ ৬০ হাজার টাকা রয়েছে। তার পরে কয়েনে দাম নিয়েই শ্রীনাথের হাতে পছন্দের মোটরবাইক তুলে দেন তাঁরা।

কষ্টের টাকায় বাইক পেয়ে আনন্দে আত্মহারা শ্রীনাথ। তিনি বলেন, ‘আমি অনেকদিন ধরে টাকা জমিয়েছি। পুরো ১ লক্ষ ৬০ হাজার টাকা নগদে জমিয়েছি।’ শোরুমের তরফে তুষারকান্তি মণ্ডল বলেন, ‘ওঁর অনেকদিনের স্বপ্ন ছিল বলে শুনেছি। আগে কথা বলেছিল। একজনের যখন স্বপ্ন রয়েছে, সেটা পূরণ করা ভালো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *