Canning Youth Stabbed: গাঁক গাঁক করে বাজছিল গান! বন্ধ করতে বলতেই একের পর এক কোপ, রক্তারক্তি ক্যানিংয়ে | Canning Youth Stabbed: Man Attacked with Knife After Asking Neighbours to Stop Loud Music - 24 Ghanta Bangla News
Home

Canning Youth Stabbed: গাঁক গাঁক করে বাজছিল গান! বন্ধ করতে বলতেই একের পর এক কোপ, রক্তারক্তি ক্যানিংয়ে | Canning Youth Stabbed: Man Attacked with Knife After Asking Neighbours to Stop Loud Music

Spread the love

ক্যানিং: প্রতিবাদ করায় ঝরল রক্ত। ক্যানিংয়ে আক্রান্ত প্রতিবাদী। পরীক্ষার মাঝে উচ্চশব্দে মিউজিক বাজানোর প্রতিবাদ করায় যুবককে কাঁচির কোপ। আক্রান্তকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার চলছে। এই সময়ে বাড়ির সামনে উচ্চস্বরে মিউজিক বাজানোর প্রতিবাদ করায় এক যুবককে কাঁচি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠল তাঁরই প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত ডাবু গড়খালি এলাকায়। আহত যুবকের নাম শাহিন জামাদার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পড়াশোনার পরিবেশ বজায় রাখতে এবং পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য শাহিন জামাদার তাঁর প্রতিবেশী আরফাত জামাদার ও সালমান জামাদারকে উচ্চশব্দে মিউজিক বাজাতে নিষেধ করেন। কিন্তু এই নিষেধ মেনে নেওয়া তো দূর, উল্টে শাহিনের উপর চড়াও হয় ওই দুই প্রতিবেশী।

অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই আরফাত জামাদার ও সালমান জামাদার একটি কাঁচি নিয়ে শাহিন জামাদারের উপর হামলা চালায় এবং তাঁর হাতে কোপ মারে। কাঁচির আঘাতে শাহিনের হাতে গভীর ক্ষত তৈরি হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত আরফাত ও সালমান পলাতক। আহত শাহিন জামাদারকে উদ্ধার করে স্থানীয় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পরে তাঁকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *