Seva Setu Abhiyan Camp: অন্নপূর্ণা যোজনায় আবার আবেদন করতে পারবেন! ২ অক্টোবর থেকে আপনার বাড়ির সামনে বসছে সেবা সেতু শিবির, কী কী পরিষেবা পাবেন? | Seva Setu Camp from October 2: Get Another Chance to Apply for Annapurna Yojana, Know All Services
কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি এখনও? কিংবা আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করবেন? কোথায় যাবেন, বুঝতে পারছেন না? তাহলে চিন্তার কোনও কারণ নেই। এবার আপনার বাড়ির সামনেই ক্যাম্প নিয়ে বসছে সরকার। জনতার কাছে পৌঁছে দেওয়া হবে সরকারি প্রকল্পের সুবিধা।
আগামিকাল, শুক্রবার ২ অক্টোবর থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে সেবা সেতু অভিযান শিবির। চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। তিনদিন ব্যাপী এই শিবিরে সরকারি বিভিন্ন প্রকল্পের জন্য আবেদনের সুযোগ থাকবে।
জানা গিয়েছে, ব্লক ও পুরসভা স্তর মিলিয়ে রাজ্য জুড়ে মোট ৩৩০০টি শিবির চালু করা হবে। এক ছাদের নিচে ৬০টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। সেবা সেতু অভিযান শিবির চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।
সমস্ত সরকারি প্রকল্পগুলির সুবিধা প্রদান করা হবে। অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিসান ক্রেডিট কার্ড, পিএম কিসান স্বনিধি-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ২০টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
এই ক্যাম্প থেকেই বিধবা ভাতা, বয়ষ্ক ভাতা ও বিশেষ ক্ষমতা সম্পন্নদের ভাতার আবেদনের জন্য নতুন ফর্ম বিলি করা হবে। এছাড়া অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস অনুসন্ধানও করা যাবে।
জানা গিয়েছে, কলকাতার ক্ষেত্রে দুটি ওয়ার্ড পিছু একটি করে এই সেবা সেতু অভিযানের শিবির খোলা হচ্ছে। হাওড়া পুরনিগমের ৫০টি ওয়ার্ডের ২৬ টি জায়গায় শুরু হতে চলেছে সেবা সেতু অভিযান শিবির।
আপনার বাড়ির সামনে কোথায় সেবা সেতু অভিযান শিবির বসেছে, তা জানতে https:??jks.gov.in -ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। কিংবা 1800 345 0117 / 033-2214 0152- এই ফোন নম্বরে কল করে জানা যাবে।