মেট্রোয় বড় অগ্রগতি, বড়দিনেই কি অরেঞ্জ লাইন সেক্টর ফাইভে?
এই সময়: শহরের মেট্রো মানচিত্রে আরও এক ধাপ এগোতে চলেছে অরেঞ্জ লাইন। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ এই শাখায় ইতিমধ্যেই কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অংশে পরিষেবা চলছে। এ বার বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশে ট্রায়াল রানের প্রস্তুতি শুরু হলো।
১০ অক্টোবর থেকে এই মহড়া শুরুর সম্ভাবনা। বড়দিনের সময়ে এই পথে যাত্রী পরিষেবা চালুর লক্ষ্যে এগোচ্ছে রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। সেক্টর ফাইভ পর্যন্ত অংশে পরিষেবা চালু হলে নিউ গড়িয়া–বিমানবন্দর মেট্রো করিডরের চালু অংশের দৈর্ঘ্য ১৪ কিলোমিটারেরও বেশি হবে। দক্ষিণ শহরতলির সঙ্গে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের সরাসরি মেট্রো সংযোগ তৈরি হবে।
আরভিএনএল–সূত্রে জানা গিয়েছে, ট্রায়াল রান শুরুর পরে তা দু’মাস বা তারও বেশি সময় ধরে চলতে পারে। সফটওয়্যার অ্যালাইনমেন্ট, বিভিন্ন সিস্টেমের মধ্যে সমন্বয়, সিগন্যালিং-সহ একাধিক প্রযুক্তিগত পরীক্ষা সম্পূর্ণ করার পরে প্রয়োজনীয় সব রকমের ছাড়পত্র এবং সব শেষে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)–র চূড়ান্ত অনুমোদন পেলে তবেই যাত্রী পরিষেবা চালু করা হবে।
গত ১৭ সেপ্টেম্বর অরেঞ্জ লাইনের বেলেঘাটা–সেক্টর ফাইভ অংশে ‘পুশ ট্রলি’ দিয়ে পরিদর্শন করা হয়েছে। চিংড়িঘাটা থেকে সুকান্তনগরের মধ্যে উড়ালপথে প্রায় ৩৬৬ মিটারের একটি বড় ফাঁক ছিল। আরভিএনএল–এর উদ্যোগে দু’দফায় মোট মাত্র ১২০ ঘণ্টার ট্র্যাফিক ব্লক নিয়ে ওই ফাঁক পূরণ করা হয়েছে। এর ফলে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালুর প্রস্তুতি এগিয়েছে অনেকটাই।
বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার অংশে অরেঞ্জ লাইনের পরিষেবা চালু রয়েছে। সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা শুরু হলে এই লাইনে গৌরকিশোর ঘোষ, নলবন এবং সেক্টর ফাইভ—এই তিনটি স্টেশন যুক্ত হবে। সেক্টর ফাইভ পর্যন্ত সম্প্রসারণ হলো অরেঞ্জ লাইনের কাজের তৃতীয় পর্যায়।
পুরো নিউ গড়িয়া–বিমানবন্দর করিডর সম্পূর্ণ করতে এর পরে চতুর্থ পর্যায়ে সেক্টর ফাইভ থেকে সিটি সেন্টার-টু পর্যন্ত অংশ যুক্ত করার কথা। শেষ পর্যায়ে সিটি সেন্টার-টু থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো যোগাযোগ তৈরি হবে। শেষ পর্যায়ের কাজ ২০২৭–এর ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে। কলকাতা মেট্রোর আধিকারিকদের বক্তব্য, চিংড়িঘাটা ফ্লাইওভারের কাছে ৩৬৬ মিটারের ফাঁক পূরণে আরভিএনএল যদি আগেই রাজ্যের সহযোগিতা পেত, তা হলে দেড় বছর আগেই অরেঞ্জ লাইন সেক্টর ফাইভে পৌঁছে যেত।