পান মশলার বিজ্ঞাপন নিয়ে শাহরুখ-অজয়-টাইগারকে নোটিস, তারকাদের কড়া প্রশ্ন তুকারাম মুন্ধের
গুটখার বিজ্ঞাপন নিয়ে বলিউড অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে তীব্র ভাষায় ঠুকলেন মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষা প্রধান তুকারাম মুন্ধে। এই হাই প্রোফাইল স্টারদের প্রায়ই…
গুটখার বিজ্ঞাপন নিয়ে বলিউড অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে তীব্র ভাষায় ঠুকলেন মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষা প্রধান তুকারাম মুন্ধে। এই হাই প্রোফাইল স্টারদের প্রায়ই একটি বিশেষ পান মশলার বিজ্ঞাপনে দেখা যায়। সেই ইস্যুতেই প্রশ্ন তোলেন তুকারাম। তিনি বলেন বিজ্ঞাপনের মাধ্যমে যাঁরা সাধারণ মানুষকে প্রলোভন দেখাচ্ছেন তাঁরা নিজেদের পরিবারের ক্ষেত্রে সেই একই নিয়ম প্রয়োগ করেন? প্রিয়জনদের কখনও এই পণ্য চেখে দেখতে মদত দেন?
এই ইস্যুতে অভিনেতাদের বিরুদ্ধে একটি নোটিশও জারি করেছেন তুকারাম। গত ১১ই অগাষ্ট এই নোটিশ জারি করে সমাজমাধ্যমে পান মশলার বিজ্ঞাপনের অভিনয় করে উপার্জনের ভূমিকার কথা জানতে চান তিনি। তারপরেই প্রশ্ন তোলেন অজয়, শাহরুখের ভূমিকা নিয়ে। তিনি আরও বলেন “আপনি যদি পান বা গুটখার বিজ্ঞাপন করেন তাহলে আগে নিজে সেটি খান। আপনার সন্তানদেরও খেতে দিন এবং অভ্যাসে পরিণত করার সময় দিন। তারপর অন্যদের সেই পথে চালিত হতে অনুপ্রাণিত করুন। উল্টোটা কেন হবে?” এপ্রসঙ্গে তুকারামের বক্তব্য, “অভিনেতা-অভিনেত্রীরা সকলের কাছে পরিচিত বলেই তাঁরা যে কোনও বিজ্ঞাপন করতে পারেন কিন্তু, অথচ কোনও দায়বদ্ধতা থাকবে না এমনটা হতে পারে না। এটা ঠিক নয়।”
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে তুকারম বলেন, অভিনেতা-অভিনেত্রীরা বিজ্ঞাপনে শুধু ব্র্যান্ডের মুখ হিসেবে থাকবেন আর সেই পণ্যের বিষয়ে তাঁদের কোনও দায়বদ্ধতা নেই, এটা হতে পারে না। তুকারাম বলেছেন, যাঁরা তামাকজাত পণ্যের প্রচার করবেন তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। সে তিনি তারকা হোন বা বা কোনও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কেউই আইনের উর্ধ্বে নন। যাঁরা তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করেন, তাঁদেরও দায় নিতে হবে।