খাসির মাংসের বদলে বেড়ালের মাংস? গঙ্গারামপুরে মটন পোলাও ঘিরে তুলকালাম
দক্ষিণ দিনাজপুর: জনপ্রিয় সিনেমা ‘রান’-এর ৫ টাকার ‘কাউয়া বিরিয়ানি’র দৃশ্য কি এ বার বাস্তবের মাটিতে? দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে মটন পোলাওয়ের প্লেটে খাসির মাংসের বদলে বেড়ালের…
দক্ষিণ দিনাজপুর: জনপ্রিয় সিনেমা ‘রান’-এর ৫ টাকার ‘কাউয়া বিরিয়ানি’র দৃশ্য কি এ বার বাস্তবের মাটিতে? দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে মটন পোলাওয়ের প্লেটে খাসির মাংসের বদলে বেড়ালের মাংস দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড চত্বরে তীব্র উত্তেজনা ও তুমুল বচসা শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করে।
গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটপাথে ঠেলা গাড়িতে খাবারের ব্যবসা করেন বাঞ্ছা কুণ্ডু। ডিটলহাটের বাসিন্দা অমিত সরকার সেই দোকান থেকে ১২০ টাকা দিয়ে এক প্লেট মটন পোলাও কিনেছিলেন। কিন্তু মাংস মুখে দেওয়ার পরেই স্বাদ ও গন্ধ নিয়ে তাঁর সন্দেহ হয়।
অভিযোগকারী অমিত বাবুর দাবি, খাসি বা পাঠার হাড় সাধারণত চওড়া ও পরিপুষ্ট হয়। কিন্তু ওই প্লেটে থাকা হাড়গুলির গঠন সম্পূর্ণ আলাদা ও ভিন্ন প্রকৃতির ছিল, যা দেখে তাঁর মনে হয় এটি বেড়ালের মাংস হতে পারে। এরপরেই তিনি দোকানদারকে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং সদুত্তর না পাওয়ায় উত্তেজনা ছড়ায়।
প্রশাসনের পদক্ষেপ ও নমুনা সংগ্রহ
মঙ্গলবার রাতেই গঙ্গারামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং ব্যবসায়ী বাঞ্ছা কুণ্ডুকে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি তাঁর বাড়ির ফ্রিজটিও সিল করে দেওয়া হয়।
বুধবার দুপুরে জেলা খাদ্য সুরক্ষা দপ্তর ও পুলিশের আধিকারিকরা অভিযুক্ত ব্যবসায়ীর বাড়িতে যান। তাঁর দোকানে কোনো ফুড লাইসেন্স না থাকায় দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। যেখান থেকে মাংস কেনা হয়েছিল, সেই মাংসের দোকানটিতেও অভিযান চালিয়ে প্রয়োজনীয় নথি না থাকায় সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
বাজোপ্ত করা মাংসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কলকাতার ল্যাবে পাঠানো হয়েছে। ল্যাবরেটরির পরীক্ষার রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মাংসটি ঠিক কোন প্রাণীর, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না তদন্তকারীরা।
দোকানদারের সাফাই
পুরো ঘটনাটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত দোকানদার বাঞ্ছা কুণ্ডু। তাঁর বক্তব্য, তিনি একটি নির্দিষ্ট জায়গা থেকেই দীর্ঘ দিন ধরে মাংস কিনে আসছেন এবং আগে কখনও এমন অভিযোগ ওঠেনি। অন্যদিকে বাঞ্ছার মেয়ে নন্দিতা দাবি করেছেন, তাঁদের দোকানের খাবারের মান নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তাঁরা নিজেরাও বাড়িতে এই মাংস খান এবং আগের দিনও খেয়েছেন।
মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?
বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা