থানায় পুলিশের সঙ্গে বচসা, গ্রেপ্তার ৪ পদ্ম নেতা–কর্মী - 24 Ghanta Bangla News
Home

থানায় পুলিশের সঙ্গে বচসা, গ্রেপ্তার ৪ পদ্ম নেতা–কর্মী

Spread the love

এই সময়, হাওড়া: শিবপুর থানায় ঢুকে পুলিশের সঙ্গে বচসা এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি সিকান্দার খান-সহ চার জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন মনোজ খান, জাহিদ কামাল এবং রোহন সিং। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত সোমবার রাতে। বিজেপির দুই গোষ্ঠীর পুরোনো বিবাদকে কেন্দ্র করে শিবপুর এলাকায় ঝামেলা ও মারামারির ঘটনা ঘটে। অভিযোগ, সিকান্দার খান ও দাউদ খানের গোষ্ঠীর মধ্যে এই বিবাদ তৈরি হয়। এর পরে দাউদ খান ও তাঁর সঙ্গীদের গ্রেপ্তারের দাবিতে সিকান্দার খান দলবল নিয়ে শিবপুর থানায় যান।

অভিযোগ, থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। পুলিশকে ধমক দেওয়ার পাশাপাশি, এক পুলিশ আধিকারিককে ‘দেখে নেওয়া’র হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, পুলিশ চার জনকে গ্রেপ্তার করে। ঘটনায় পুলিশের উপরে হামলার অভিযোগও উঠেছে।

ঘটনাটি নিয়ে উমেশ রাই বলেন, ‘এটি কোনও তোলাবাজির বিষয় নয়, বরং এলাকার পুরোনো পারস্পরিক বিবাদ।’ তাঁর দাবি, সিপিএমের আমলেও ওই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ছিল এবং তৃণমূলের আমলেও তা হয়েছে। এখন বিজেপির মধ্যেও একই ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘দলের নাম করে কেউ দাদাগিরি করলে, দল তাঁর পাশে দাঁড়াবে না। যে-ই হোক, আইন ভাঙলে পুলিশ তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’ পাশাপাশি, এই ঘটনায় বিজেপির কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও দলীয় ভাবে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তাঁর বক্তব্য, ঘটনাটি বিজেপির অভ্যন্তরীণ কোন্দল নয়, বরং এলাকার স্থানীয় বিবাদ। তবে সেই বিবাদে বিজেপির হস্তক্ষেপ করা উচিত নয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *