বেআইনি নির্মাণ নিয়ে ফেসবুকে পোস্ট, রিপোর্ট তলব অগ্নিমিত্রার - 24 Ghanta Bangla News
Home

বেআইনি নির্মাণ নিয়ে ফেসবুকে পোস্ট, রিপোর্ট তলব অগ্নিমিত্রার

Spread the love

অশীন বিশ্বাস, পানিহাটি

রাতের অন্ধকারে নয়, দিনের আলোতেই গজিয়ে উঠছে বেআইনি বহুতল! কোথাও জি প্লাস থ্রির অনুমোদন, অথচ নির্মাণ পৌঁছে গিয়েছে জি প্লাস ফাইভে। কোথাও আবার সরু গলি রাস্তার মধ্যেই প্রশাসনিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তৈরি হয়েছে বহুতল। পানিহাটিতে একের পর এক এমন নির্মাণের ছবি, ঠিকানা ও তথ্য সমাজমাধ্যমে প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসল পুর ও নগরোন্নয়ন দপ্তর। অভিযোগের পোস্ট নজরে আসার পর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল পানিহাটি পুরসভার কাছে রিপোর্ট চান। কয়েক ঘণ্টার মধ্যেই সেই রিপোর্ট মন্ত্রীর হাতে পৌঁছয়। তবে নির্দিষ্ট কোনও ওয়ার্ড নয়, গোটা পানিহাটি জুড়েই এ রকম বেআইনি নির্মাণের সংখ্যা শতাধিক বলে অভিযোগ। তৃণমূল আমলে হওয়া বেআইনি নির্মাণের জের বিজেপি আমলেও অব্যাহত। অভিযোগ, এ সবের পিছনে মদত রয়েছে বর্তমান শাসক দল বিজেপির একাংশের নেতাদের। সম্প্রতি সেই সব বেআইনি নির্মাণের কয়েকটি প্রকাশ্যে আনেন পানিহাটির বাসিন্দা সন্ময় বন্দ্যোপাধ্যায়। তিনি ছবি এবং নির্মাণের ঠিকানা দিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন এবং প্রশাসনের নজর এড়িয়ে কী ভাবে বেআইনি নির্মাণ সম্ভব হলো তা নিয়ে প্রশ্ন তোলেন। পানিহাটি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের হলধর বসু রোডের একটি নির্মাণ নিয়ে সমাজমাধ্যমে তাঁর অভিযোগ ছিল, সরু রাস্তার পাশে অনুমোদনের বাইরে বহুতল গড়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *