ইডেনে ত্রিদেশীয় সিরিজ় আয়োজনের ভাবনা? কী জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে CAB-র ৯৫তম বার্ষিক সাধারণ সভায় বিশেষ ম্যাচ আয়োজন নিয়ে মুখ খোলেন প্রাক্তন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শতবর্ষ উদ্যাপন উপলক্ষে ইডেনে একটি বড় ম্যাচ আয়োজনের জন্য BCCI-কে চিঠি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সৌরভ বলেন, ‘শতবর্ষের প্রস্তুতি আমরা ধীরে ধীরে শুরু করব। উদ্যাপনকে বিশেষ করে তুলতে বিসিসিআইকেও চিঠি দেব। ইডেনে একটি বড় ম্যাচ আয়োজনের বিষয়টিও থাকবে।’
শতবর্ষ উদ্যাপনে ত্রিদেশীয় বা চারদেশীয় সিরিজ়ের ভাবনা
২০২৮ সালে BCCI-এর শতবর্ষ পূর্তি উপলক্ষে বেশ কিছু বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই তালিকায় বিভিন্ন স্টেডিয়ামে ত্রিদেশীয় বা চারদেশীয় সিরিজ় আয়োজনের ভাবনাও রয়েছে। ২০২৭ সালের ডিসেম্বর থেকে শুরু করে গোটা ২০২৮ জুড়ে এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান ও ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।
মুম্বইয়ে BCCI-এর সদর দফতরে বার্ষিক সাধারণ সভার পর সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, শতবর্ষ উপলক্ষে বিশেষ ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সেই পরিকল্পনার অংশ হিসেবে ভারত বনাম বিশ্ব একাদশের একটি ম্যাচও আয়োজন করা হতে পারে।