সিএএ-তে আবেদনকারীদের থেকে লাখ টাকা চেয়ে হুমকি, কাঠগড়ায় ধূপগুড়ির দুই কন্টেন্ট ক্রিয়েটর - 24 Ghanta Bangla News
Home

সিএএ-তে আবেদনকারীদের থেকে লাখ টাকা চেয়ে হুমকি, কাঠগড়ায় ধূপগুড়ির দুই কন্টেন্ট ক্রিয়েটর

Spread the love

এই সময়, ধূপগুড়ি: বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে সিএএ-তে নাগরিকত্বের জন্য আবেদন করেছে একটি পরিবার। সেই পরিবারকেই এক লক্ষ টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুই কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। অভিযোগ, নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ওই পরিবারের বাড়িতে গিয়ে তাঁদের বিভিন্ন ভাবে ভয় দেখানো হয়। টাকা না দিলে দেশছাড়া করার হুঁশিয়ারিও দেওয়া হয় বলে অভিযোগ। সুবোধ রায় ও বাবুল কাদের নামে দু’জনের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অভিযোগকারী পরিবার সাকোয়াঝোরা-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তাঁদের দাবি, বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে তাঁরা ভারতে আসেন। বিষয়টি কোনও ভাবে জানতে পেরে তাঁদের বাড়িতে গিয়ে সুবোধ ও বাবলু বিভিন্ন প্রশ্ন করতে থাকেন এবং তাঁরা যে আদতে বাংলাদেশি, তা জানিয়ে দিতে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে এক লক্ষ টাকা দাবি করেন। পরিস্থিতির চাপে পড়ে ওই দুই কনটেন্ট ক্রিয়েটারের হাতে ১০ হাজার টাকা তুলে দিতে বাধ্য হন তাঁরা। কিন্তু অভিযোগ, তাতেও সমস্যা মেটেনি।

আরও টাকা দাবি করা হতে থাকেন অভিযুক্তরা। শেষ পর্যন্ত ধূপগুড়ি থানার দ্বারস্থ হয়েছে পরিবারটি। অভিযোগকারী সুকান্ত রায় বলেন, ‘দক্ষিণ কসাইরহাটে আমার বাড়িতে বাংলাদেশ থেকে প্রাণ বাঁচিয়ে আসা পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তাঁরা ভারতীয় নাগরিকত্ব পেতে সিএএ-তে আবেদনও করেছেন। দুই ব্যক্তি নিজেদের কনটেন্ট ক্রিয়েটর বলে পরিচয় দিয়ে বাড়িতে এসে বাংলাদেশি হিসেবে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে ভয় দেখিয়ে এক লক্ষ টাকা দাবি করেন।’ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

ধূপগুড়ি থানার আইসি প্রশান্ত চামলিং বলেন, ‘দুই কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। বিষয়টি খতিয়ে দেখছি।’ যদিও অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর বাবুল তাঁদের বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *