মাদক বিক্রির সন্দেহে ক্যান্সার রোগীকে মারধরের অভিযোগ
জানা গিয়েছে, ক্যান্সার আক্রান্ত ওই মহিলার বয়স ষাটের কাছাকাছি। ছেলেও তিরিশের কোটায়। ছেলের কিছুটা মানসিক সমস্যা রয়েছে বলে ধারণা পুলিশের। তাঁদের বাড়ি জলপাইগুড়ির পান্ডাপাড়াতে। দু’বছর আগে মহিলার স্বামী লিভারের অসুখে মারা যান। বছরখানেক ধরে উত্তরবঙ্গ মেডিক্যালে ওই মহিলার ক্যান্সারের চিকিৎসা চলছে। শিলিগুড়িতে চিকিৎসা করতে এলে লোকজনের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে বাড়ি ফেরেন তাঁরা। কার্যত অপরের সাহায্যেই দিন গুজরান হয় মা-ছেলের। গত কয়েক মাসে একাধিকবার টাকার অভাবে মা ও ছেলে বাড়ি ফিরতে পারেননি বলে জানতে পেরেছে পুলিশ। হাসপাতালের ছাউনির নীচেই রাত কেটেছে দু’জনের। এ ভাবে চললেও বিপত্তি বাধে মঙ্গলবার রাতে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, মঙ্গলবার এক ব্যক্তি সস্তায় ওষুধ দেওয়ার নাম করে ওই মহিলা ও তার ছেলেকে ঝংকার মোড়ের কয়লা ডিপো এলাকায় নিয়ে আসেন। এরপর কাগজে ভুসি ধরনের কিছু দিয়ে মহিলার থেকে ৩০০ টাকা নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি। টাকা খুইয়ে ঝংকার মোড় এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে থাকেন দু’জন। তখন ব্রাউন সুগার বিক্রেতা সন্দেহে স্থানীয়রা তাঁদের আটকে রেখে হেনস্থা করতে থাকেন বলে অভিযোগ। এমনকী, মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। একটি পুরিয়া দেখিয়ে সেই সব ভিডিয়োয় দাবি করা হয়, এই মা ও ছেলের কাছ থেকে দু’গ্রাম ব্রাউন সুগার পাওয়া গিয়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময়।) খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।