‘মরতে চাইলে মরুন, বাস থামবে না!’ চালকের জেদেই বাসে আগুন, মৃত ৯
নয়ডা: চলন্ত বাসে কেবিন থেকে পোড়া গন্ধ পাওয়ার পর যাত্রীরা বারবার সতর্ক করলেও তা পাত্তাই দেননি চালক। উল্টে ‘মরতে চাইলে মরুন, বাস থামবে না’ বলে…
নয়ডা: চলন্ত বাসে কেবিন থেকে পোড়া গন্ধ পাওয়ার পর যাত্রীরা বারবার সতর্ক করলেও তা পাত্তাই দেননি চালক। উল্টে ‘মরতে চাইলে মরুন, বাস থামবে না’ বলে গাড়ি চালিয়ে যাওয়ার খামখেয়ালিপনায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ জন যাত্রী। গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে (Yamuna Expressway) রাজ কল্পনা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এই নৃশংস প্রাণহানির জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বহু মানুষ। ইতিমধ্যে অভিযুক্ত বাসচালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তরের হামিরপুরের বাসিন্দা সুনীল কুমার জিউয়ার থানায় যে এফআইআর (FIR) দায়ের করেছেন, তাতে উঠে এসেছে এক লোমহর্ষক বর্ণনা। তাঁর অভিযোগ, এক্সপ্রেসওয়ের ৩৩ কিমি মাইলের কাছাকাছি আসতেই চালকের কেবিন থেকে তীব্র পোড়া গন্ধ নাকে আসে যাত্রীদের। আতঙ্কিত যাত্রীরা চালক ও কন্ডাক্টরকে দ্রুত গাড়ি থামিয়ে ত্রুটি খতিয়ে দেখতে অনুরোধ করেন। কিন্তু চালক সেই বিপদসঙ্কেতকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন, এটি বাসের ‘সাধারণ ব্যাপার’। এরপর যাত্রীরা চিৎকার শুরু করলে চালক চরম ঔদ্ধত্য দেখিয়ে বলেন, “মরতে চাইলে মরুন, আমরা বাস থামাব না।”
কেবিনের ভেতরেই চলত বিড়ি-সিগারেটের নেশা
অভিযোগপত্রে আরও বিস্ফোরক দাবি করা হয়েছে, ড্রাইভার ও কন্ডাক্টর কেবিনের ভেতরে বসে নিয়মবহির্ভূতভাবে বিড়ি ও সিগারেট খাচ্ছিলেন। কেবিনের ওই নির্দিষ্ট অংশ থেকেই হঠাৎ দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে কেবিন ও যাত্রীবাহী অংশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। জীবন বাঁচাতে সুনীল সহ বেশ কয়েকজন যাত্রী চলন্ত বাস থেকেই কোনোমতে লাফিয়ে রাস্তায় পড়েন। কিন্তু অনেকেই বের হতে না পেরে ভেতরেই আটকে পড়েন। পরে আহতদের জিউয়ারের কৈলাশ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ৯ জন যাত্রীর মৃত্যু নিশ্চিত করেন। চিকিৎসকদের মতে, মূলত অগ্নিদগ্ধ হয়ে এবং বাসের ভেতরে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই তাঁদের মৃত্যু হয়েছে।
দিল্লির কাশ্মীর গেট থেকে রাত ৯টা নাগাদ উত্তরপ্রদেশের মহোবার উদ্দেশে ছেড়ে যাওয়া ওই বেসরকারি বাসের চালক ও কন্ডাক্টরের চরম দায়িত্বজ্ঞানহীনতা, অপরাধমূলক গাফিলতি এবং বেপরোয়া আচরণের পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisements
অন্যের পরিচয়পত্রে সিম কার্ড নিচ্ছেন? এবার ধরে পড়লেই ৩ বছরের শ্রীঘর বাস
ভারতীয় বিমান বাহিনীকে আরও ভয়ঙ্কর করতে BDL র সঙ্গে ৮১১ কোটির চুক্তি মোদী সরকারের