অসুস্থতার ‘ঢাল’, হাইকোর্টের নির্দেশে ডাক্তার নিয়ে গিয়ে ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার
অভিযুক্তকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকায় বুধবার প্রশ্ন তুলেছিল আদালত। রাজ্যের কৌঁসুলি অজিত মিশ্র রিপোর্ট দিয়ে আদালতে জানান, পুলিশ যত বারই ধরতে গিয়েছে, তত বারই অসুস্থ হয়ে হয় হাসপাতাল বা বাড়িতে শয্যাশায়ী দেখা গিয়েছে অভিযুক্তকে। ফলে গ্রেপ্তারির পরে যদি কিছু হয়ে যায়, সেই আশঙ্কায় আর ধরেনি পুলিশ। ঘটনা হুগলির চুঁচুড়ার। অভিযুক্ত পার্থসারথি ঘোষ এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে তাঁর কিছু গোপন ও ব্যক্তিগত ছবি তুলে রাখেন বলে অভিযোগ। পরবর্তী সময়ে সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শুরু হয় ব্ল্যাকমেল ও ধর্ষণ। তরুণীর অভিযোগ, নগদ প্রায় ৭ লক্ষ ৫২ হাজার টাকা এবং অনলাইনে বিভিন্ন সময়ে আরও লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি প্রায় ১০ লক্ষ টাকার মূল্যের আইফোন, দামি ঘড়ি ও গ্যাজেটও তাঁর থেকে ব্ল্যাকমেল করে আদায় করা হয়েছে।