‘হাত’ ধরা, নাকি থার্ড ফ্রন্ট? জল মাপছেন অখিলেশ
সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। ৪০৩ বিধানসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশের ভোটযুদ্ধের জন্য এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে প্রভাবশালী সব ক’টি রাজনৈতিক দল৷ এরই মধ্যে সামনে প্রকাশ্যে আসন বণ্টন নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টি (সপা)–এর আকচা আকচি! সূত্রের খবর, যে ভাবে এখন থেকেই নিজেদের পছন্দের আসনের জন্য সপা নেতৃত্বের সঙ্গে দর কষাকষি শুরু করেছে কংগ্রেস, তা দেখার পরেই শতাব্দী প্রাচীন দলের অবস্থান নিয়ে ক্ষুব্ধ সপা সুপ্রিমো অখিলেশ যাদব৷ শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ভোটে লড়বে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও অখিলেশ এই মুহূর্তে ‘ধীরে চলো’ নীতি নিয়েই এগোতে চাইছেন বলেই দলীয় সূত্রের দাবি৷ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, তামিলনাড়ুর প্রাক্তন শাসক দল ডিএমকের প্রস্তাবিত অবিজেপি এবং অ–কংগ্রেসি ‘থার্ড ফ্রন্ট’–এর দিকেও চোখ রাখছেন অখিলেশ৷ ইতিমধ্যেই ডিএমকে সাংসদ কানিমোড়ির সঙ্গে অখিলেশের ফোনে কথা হয়েছে৷ ডিএমকে সূত্রের দাবি, দিল্লিতে বৈঠকও করেছেন দু’জনে৷ এর পরেই শোনা যাচ্ছে, জল মাপছেন সপা–প্রধান।