শ্লীলতাহানির নালিশ, যুবককে গণধোলাই, সালকিয়ার ঘটনায় চাঞ্চল্য - 24 Ghanta Bangla News
Home

শ্লীলতাহানির নালিশ, যুবককে গণধোলাই, সালকিয়ার ঘটনায় চাঞ্চল্য

Spread the love

এই সময়, হাওড়া: দিন তিনেক আগে হাওড়ার সালকিয়ার পারিজাত সিনেমা হলের সামনে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে স্থানীয়দের গণধোলাই দেওয়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে সন্ধ্যায় এক মহিলা তাঁর মেয়েকে নিয়ে সালকিয়া চত্বর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময়ে মাঝবয়সি এক যুবক মেয়েটির কাছে গিয়ে অঙ্গভঙ্গি করেন এবং তাকে ধাক্কা দেন। বিষয়টি দেখে মেয়েটির মা ওই যুবককে আটকান এবং প্রতিবাদ করেন। তাঁর মনে হয়, যুবকটি তাঁর মেয়ের সঙ্গে অশালীন আচরণ করেছে।

মেয়েটির মা ওই যুবককে মারধর শুরু করলে, আশপাশের লোকজনও সেখানে জড়ো হয়ে যান। অভিযোগ, ঘটনার প্রকৃত কারণ না জেনেই কয়েকজন স্থানীয় বাসিন্দা যুবককে মারধর করতে শুরু করেন। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মালিপাঁচঘড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি, মেয়েটির মা ও মেয়েকেও থানায় নিয়ে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলা হয়।

পুলিশের দাবি, থানায় ওই যুবকের সঙ্গে কথা বলার পরে তাঁর আচরণ এবং কথাবার্তা দেখে তাঁকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়। পুলিশ আরও জানিয়েছে, ওই যুবককে সালকিয়া চত্বরেই প্রায় প্রতিদিন ঘুরতে দেখা যায়। থানায় মেয়েটির মা ও মেয়ের সঙ্গেও তাঁর কথা বলানো হয়। তাঁরাও পরিস্থিতি বুঝতে পারেন এবং যুবকের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ করেননি। পুলিশের বক্তব্য, কোনও লিখিত অভিযোগ না থাকায় এবং অভিযুক্ত যুবক মানসিক ভাবে অসুস্থ বলে প্রাথমিক ভাবে মনে হওয়ায়, তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ায়, বিষয়টি নিয়ে এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ না থাকায়, আপাতত কোনও মামলা দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *