অভিষেকের বাড়ির গার্ডরেলে ধাক্কা: চাকরি ফেরাল হাইকোর্ট, স্বস্তি পুলিশকর্মীর
এই সময়: একটি গাড়ি সরাতে গিয়ে পুলিশের চালকের ভুলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে গার্ডরেলে ধাক্কা লাগে এবং সেই গার্ডরেল গিয়ে ধাক্কা খায় বাড়ির সদর ফটকে। তাতে ওই পুলিশকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার যে সিদ্ধান্ত রাজ্যের তৎকালীন সরকার নিয়েছিল, সেটা কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে।
তবে হাইকোর্টের বক্তব্য, ওই ভুলের জন্য তাঁকে লঘু শাস্তি দেওয়া যেতে পারে। সোমবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থপ্রতিম রায়ের ডিভিশন বেঞ্চ চার সপ্তাহের মধ্যে পুলিশ–প্রশাসনকে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়। আদালতের পর্যবেক্ষণ, ওই পুলিশকর্মী ভুল করেছেন, তা ঠিক, তবে সেই ভুল চাকরি থেকে বরখাস্ত হওয়ার মতো গুরুতর নয়। ওই ঘটনায় কেউ আহত হয়েছেন, এমন অভিযোগও নেই। এ ক্ষেত্রে লঘু শাস্তি দেওয়ার সুযোগ ছিল বলেই মত ডিভিশন বেঞ্চের।
২০০০ সালে কলকাতা পুলিশের গাড়ির চালক হিসেবে চাকরিতে যোগ দেওয়া ধীরেন্দ্রনাথ মাহাতো ২০০৫ সালে হৃদ্রোগে আক্রান্ত হন। তার পরে তাঁকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতো। ২০২৩ সালের ৪ ডিসেম্বর হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মোবাইল টয়লেট ভ্যানের ডিউটিতে ছিলেন তিনি। ওই গাড়ি থেকে দুর্গন্ধ বেরনোয় স্থানীয়রা আপত্তি জানান।
পরিস্থিতি সামাল দিতে তিনি উদ্যোগী হন। চালক না–থাকায় ধীরেন্দ্রনাথ নিজেই গাড়িটি সরানোর চেষ্টা করেন। তবে ভুল গিয়ার ব্যবহার করায় গাড়িটি গার্ডরেলে ধাক্কা দেয়, গার্ডরেল ধাক্কা খায় বাড়ির সদর ফটকে। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে ধীরেন্দ্রনাথ হাইকোর্টের দ্বারস্থ হন।