যন্ত্র দিয়ে দুর্গত-উদ্ধার, খুদে বিজ্ঞানীদের কীর্তি - 24 Ghanta Bangla News
Home

যন্ত্র দিয়ে দুর্গত-উদ্ধার, খুদে বিজ্ঞানীদের কীর্তি

Spread the love

এই সময়: পচা খাবার রাখলে ফ্রিজ নিজেই সতর্ক করবে। কারণ, তার মধ্যে রাখা এক বিশেষ সেন্সর। পানীয় জলের বিশুদ্ধতা বলে দেবে রোবোটিক ওয়াটার পিউরিফায়ার। এখানেও সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর কেরামতি।

সল্টলেকের বেসরকারি সেন্ট জনস স্কুলের খুদে পড়ুয়ারা এমনই হরেক যন্ত্রপাতির ওয়ার্কিং মডেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে। তাদের তৈরি অশ্বত্থামা নামে একটি স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপণ গাড়ি নিজে থেকেই আগুন ডিটেক্ট করে সঠিক জায়গায় জল ছুড়ে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। পড়ুয়াদের তৈরি এমন ওয়ার্কিং মডেল দেখে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট বিজ্ঞানীরাও।

সম্প্রতি ওই স্কুলের উদ্যোগে আয়োজিত হয় বিজ্ঞান প্রদর্শনী — ‘রি–ইমাজিন ২০৫০: সায়েন্স ফর আ চেঞ্জিং ওয়ার্ল্ড’। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তিকে ‘বিকশিত ভারত ২০৪৭’ এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যেই এই অভিনব প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এই বিজ্ঞান মেলায় তরুণ উদ্ভাবকদের সৃজনশীলতা ও আন্তর্জাতিক সহযোগিতার আবহ ফুটিয়ে তুলতে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন কলকাতায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কনসাল-জেনারেল বার্নার্ড লিঞ্চ, চিনের ডেপুটি কনসাল জেনারেল উইয়াং হুইফেং, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের প্রতিনিধিরা এবং বিবেকানন্দ ইনস্টিটিউটের সভাপতি স্বামী বেদজ্ঞানানন্দ। ছিলেন স্কুলের প্রিন্সিপাল দেবযানী ঘোষ এবং ভাইস প্রিন্সিপাল লুসিয়া গুপ্তা।

প্রযুক্তির হাত ধরে ২০৫০–এর পৃথিবীকে কী ভাবে আরও নিরাপদ ও উন্নত করে তোলা যায়, তারই ঝলক মিলল স্কুলের এই প্রদর্শনীতে। পড়ুয়ারা জানিয়েছে, তারা এমন যন্ত্রও বানিয়েছে, যা কাজে লাগিয়ে আগামী দিনে নেপালের মতো বিপর্যয়ে উদ্ধার করা যাবে দুর্গতদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *