শিশুমৃত্যুর অভিযোগ তুলে নিতে মাকে হুমকি-ফোন!
এই সময়, বর্ধমান: তাঁর রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এফআইআর হয়েছে বিধাননগর থানায়। তারপর থেকেই খোঁজ নেই ভুয়ো চিকিৎসক সায়দুল হকের। ভুল চিকিৎসায় মৃত চার বছরের শিশু অরণ্য দে-র মাকে এ বার অভিযোগ তুলে নিতে ফোনে হুমকিও দেওয়া হলো। সোশ্যাল মিডিয়ায় তাঁর আপত্তিকর ছবি ছড়ানো হয়েছে বলেও দাবি করা হয়েছে ফোন কলে।
সোমবার পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার শান্তনু চৌধুরী বলেন, ‘ভুয়ো চিকিৎসক শেখ সায়দুল হকের বিষয়ে গুরুত্ব দিয়েই তদন্ত চলছে। মৃত শিশুর মাকে ফোনে যে হুমকি দেওয়া হয়েছে, তার তদন্তও এগোচ্ছে। অপরাধী ধরা পড়বে। বিশেষ তদন্ত কমিটি তৈরি হয়েছে।’