ভানুমতীর খেল টু আব্রাকাদাব্রা… ম্যাজিকভরা পৃথিবী
এলিফাস লেভির বই ‘দ্য হিস্ট্রি অফ ম্যাজিক’ অনুযায়ী, ‘আধুনিক’ জাদুবাদের সূচনা হয় মেসোপটেমিয়া নয়, মায়া সভ্যতায়। হয় গ্রিসে, নয়তো মিশরে। বস্তুত, ম্যাজিক কথাটিই এসেছে গ্রিক শব্দ ‘ম্যাজি’ থেকে, যার অর্থ চতুরতা ছলনা চালাকপনা। তখন ম্যাজিক ছিল সামাজিক সংস্কার ও ধর্মাচারের অঙ্গ। জাদুর দোহাই দিয়ে তৎকালীন ধর্মগুরুরাই চালু করেছিলেন ঝাড়ফুঁক, কালাজাদু, ডাইনিবিদ্যা, প্রেতচর্চার মতো কুসংস্কার। সেই কারণেই কোরান-বাইবেল’এও জাদুশাস্ত্রের যথেষ্ট প্রভাব-প্রতিপত্তি লক্ষ করা যায়। পৃথিবীর প্রাচীনতম জাদুকরের নাম খুঁজে পাওয়া যায় ‘ওডিসি’-তে। সার্সে নামে ওই বাজিগর ছিলেন জাদু দেবী হেকাতের সাক্ষাৎ অবতার। গ্রিক পুরাণ অনুযায়ী, পৃথিবীর প্রথম জাদু-পুথিটির নাম ‘ম্যাজিক্যাল প্যাপিরি’। এর প্রায় সমসাময়িক জাদুগ্রন্থটি হলো মিশরের ‘ওয়েস্টকার প্যাপিরাস’, যেখানে জাদুর ভালো নাম হলো ‘হেকা’। আর মিশরের প্রথম ম্যাজিশিয়ানের নাম ডেডি। গ্রিস ও মিশরের এই দুই ম্যাজিশিয়ানই হলেন জাদুপুরাণের অনবদ্য অবতার-যুগল। শুধুই চিকিৎসায় নয়, তাঁরা ভেল্কিবাজি দেখাতেন গণিত, রসায়ন এবং পদার্থবিদ্যাকে কাজে লাগিয়েও।
কাজেই বলতেই হবে, ম্যাজিক ও সায়েন্সের বন্ধুত্বের ফিতে কেটেছিলেন সার্সে ও ডেডি। তার অনেক পরে, তাঁদেরই হাতযশে সভ্যতার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে জাদুও হয়ে ওঠে এক ধরনের ‘জনবিজ্ঞান’। দীর্ঘ দিন ধরেই লোকসমাজে প্রচলিত জাদুবিদ্যার মতো এ রকম আজগুবি একটা সুপ্রাচীন সংস্কারের বিজ্ঞানায়নের কৃতিত্ব যে রোমান পণ্ডিতের, তাঁর নাম কুইন্তাস সেরেনাস সামোনিকাস। তিনি জাদুবিদ্যার নাম দিয়েছিলেন রীতিমতো ঘনাদার ঘরানায়, ‘আব্রাকাদাব্রা’। কুইন্তাসের লেখা চিকিৎসাশাস্ত্র-ভিত্তিক নীতিকাব্যগ্রন্থ ‘লিবার মেডিসিনালিস’-এ প্রথম ওই শব্দটি ব্যবহৃত হয়। ইতালির এই পুস্তকটিই হলো পৃথিবীর প্রথম প্রামাণ্য ও তথ্যনির্ভর মেডিক্যাল বুক। তখন এই বইয়ে নথিবদ্ধ নানা ‘ম্যাজিক মেডিসিন’ প্রয়োগ করা হতো জীবাণুনাশক এবং বেদনানাশী ওষুধ হিসেবেই। ইউরোপের ঐতিহাসিক নবজাগরণের প্রাক্-পটভূমি বলে পরিচিত যে বৈজ্ঞানিক বিপ্লব, তা নিয়ে একটি ‘ইতিহাসসম্মত’ সিনেমা বানিয়েছিলেন লুইস লেটারিয়ার। নাম ‘নাউ ইউ সি মি’। এই ফিল্মে দেখানো হয়েছে যে, কী ভাবে কুইন্তাসের ‘আব্রাকাদাব্রা’ থেকে জন্ম নিল জ্যোতিষশাস্ত্র। তা থেকে এল অ্যালকেমি বা অপরসায়নবিদ্যা, যা কি না এখনকার তাবিজ মাদুলি পরশপাথরের ধাত্রীসূত্র। সেই সঙ্গে এল অ্যানেস্থেশিয়া অর্থাৎ অজ্ঞান করার ধারণাও।