ভাঙা-গড়ায় সিম্বল ফ্রিজ় হয়েছিল কংগ্রেস-বিজেপিরও
সুপ্রকাশ মণ্ডল
নির্বাচন কমিশন সিম্বল ফ্রিজ় করেছিল হাত, পদ্মরও। কারণ রাজনৈতিক দলের ভাঙা-গড়া। এখন কংগ্রেসের যে ‘হাত’ চিহ্ন, তা এক সময়ে ইন্দিরা কংগ্রেস বা কংগ্রেস (আই)-এর প্রতীক ছিল। যে ‘জোড়া বলদ’ প্রতীকে জিতে জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রীরা প্রধানমন্ত্রী হয়েছিলেন, দলের ভাঙনে সেই প্রতীক ফ্রিজ় করে নির্বাচন কমিশন। বিজেপির সাবেক পার্টি ভারতীয় জনসঙ্ঘর প্রতীক ছিল ‘দীপক’ বা ‘প্রদীপ’। তবে সেই দল জনতা পার্টিতে মিশে যাওয়ায় প্রতীক বদলে গিয়েছিল। পরবর্তী কালে জনতা পার্টি ভেঙে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি তৈরি হলেও, জনতা পার্টির সিম্বল তারা দাবি করেও পায়নি। সেটাও ফ্রিজ় করেছিল নির্বাচন কমিশন। সিম্বল নিয়ে তৃণমূলের বিবদমান দু’পক্ষের দ্বন্দ্বে ফিরে আসছে সেই ইতিহাস। তবে নির্বাচন কমিশন কাউকে কোনও প্রতীক ব্যবহার করতে দেওয়ার অর্থ এটা নয় যে, সেই প্রতীক তারা চিরতরে পেয়ে যাবে। এ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। এ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশও তেমনই।