জেলে থেকেই লড়াইয়ে মিলন, উপনির্বাচনের আগে টানটান উত্তেজনা নন্দীগ্রামে
এই সময়, হলদিয়া: মনোনয়ন জমা–প্রত্যাহার–গ্রেপ্তারি মিলিয়ে যত কাণ্ড নন্দীগ্রামে!
কালীঘাট–তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে–র মনোনয়ন প্রত্যাহার, মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসকে সমর্থন করার আবহে শুক্রবার নন্দীগ্রামের নাট্যরঙ্গে সর্বশেষ সংযোজন ছিল এই কেন্দ্রের ‘হাত’ প্রার্থী মিলন প্রধানের গ্রেপ্তারি। সেই অর্থে কোনও হেভিওয়েট প্রার্থী না–থাকলেও আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে ভোটগ্রহণের আগে টানটান উত্তেজনা এই গ্রেপ্তারি ঘিরে।
শনিবার হলদিয়া আদালতে পুলিশের তরফে দাবি করা হয়, ২০০৭–এ নন্দীগ্রাম আন্দোলনের সময়ে সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের গাংড়ার বাসিন্দা মিলনের বিরুদ্ধে খেজুরি থানায় একটি ও নন্দীগ্রাম থানায় তিনটি এফআইআর দায়ের হয়। তার মধ্যে খুন, খুনের চেষ্টা, অপহরণ–সহ বিভিন্ন জামিন অযোগ্য ধারাও ছিল। পুলিশের দাবি, তারপর থেকে গত ১৯ বছর তিনি নাকি ‘ফেরার’ ছিলেন। আদালত অনেক আগেই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নির্বাচন কমিশনের নির্দেশে সেই পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার মিলনকে হলদিয়া আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অন্য একটি মামলায় আগামিকাল, সোমবার কাঁথি আদালতে তাঁকে হাজির করানো হবে। ফলে ভোটের সময়ে তাঁর হাজতের বাইরে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
এ দিন আদালত চত্বরে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর অভিযোগ, ‘নির্বাচনের আগে পুলিশকে ব্যবহার করে আমাদের প্রার্থীকে গ্রেপ্তার করিয়েছে বিজেপি। রাজনৈতিক ও আইনি ভাবে আমাদের লড়াই ও আন্দোলন চলবে।’ শুক্রবার এই গ্রেপ্তারির তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাতে তাঁকে ট্যাগ করে বিদ্রোহী তৃণমূলের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পাল্টা পোস্ট করেন, ‘আমরা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের তরফে মিলন প্রধানের নামে (কমিশনে) অভিযোগ দায়ের করেছি। তাঁর বিরুদ্ধে তিনটি খুনের মামলা ছিল। নির্বাচনের সময়ে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা বাধ্যতামূলক। কংগ্রেস নেতারা বোধহয় রাহুল গান্ধীকে এ সব জানাননি।’
বিরোধীদের একাংশের প্রশ্ন, ২০০৭ থেকে মিলন যদি ‘ফেরার’ই থাকেন তা হলে এ বারের উপনির্বাচনে তিনি মনোনয়ন জমা দিলেন কী করে? মিলনের আইনজীবী বিমল মাজির বক্তব্য, ‘১৯ বছর আগের পুরোনো মামলা রি-ওপেন করিয়ে মিলন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ, পুলিশের তত্ত্বাবধানে নন্দীগ্রামের উপনির্বাচনে আমার মক্কেল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই গ্রেপ্তারির নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে।’ যদিও সরকার পক্ষের আইনজীবী বিজয় রাম বলেন, ‘মিলন প্রধান এতদিন ফেরার ছিলেন। তাই গ্রেপ্তারেও দেরি হয়েছে।’
চণ্ডীপুরের একটি হোটেল থেকে মিলনকে গ্রেপ্তারের সময়ে তাঁর সঙ্গী প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভাশিস ভট্টাচার্যকেও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি অবশ্য এ দিন জামিনে ছাড়া পান।
প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, ‘যাঁদের খুনের কথা বলা হচ্ছে, তাঁদের পরিবারের তরফে কোথাও কোনও অভিযোগ নেই। ওই মামলায় আরও যাঁদের নাম আছে, তাঁদের এক জনকেও গ্রেপ্তার করা হয়নি। মিলন নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী। তার উপরে আবার মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সমর্থনের কথা ঘোষণা করেছেন। তারপরেই বিজেপির নির্দেশে পুলিশ আমাদের প্রার্থীকে গ্রেপ্তার করেছে।’ আগামী সোম বা মঙ্গলবার এ নিয়ে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে দাবি প্রদেশ কংগ্রেস সূত্রের। এই মামলার গতিপ্রকৃতির দিকে নজর রাখছে কংগ্রেস হাইকম্যান্ডও। হাইকোর্টে এই মামলা উঠলে সেখানে নামী–দামি আইনজীবীদের দাঁড় করানো হতে পারে। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর বক্তব্য, ‘বিজেপির সত্যিকারের বিরোধিতা একমাত্র কংগ্রেসই করতে পারে। রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। যত দিন যাচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপি কোণঠাসা হচ্ছে।’ এ দিন কালীঘাট–তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ গ্রেপ্তারি ইস্যুতে বলেন, ‘১৯ বছর আগে সিপিএম জমানার মামলায় বিজেপি সরকার গ্রেপ্তার করেছে। সিপিএমের মামলা নিয়ে মমতা তো কাউকে হেনস্থা করেননি। তৃণমূলের ভোট কংগ্রেসে যাবে। মিলিত শক্তিকে বিজেপি ভয় পাচ্ছে। তাই গ্রেপ্তার করা হয়েছে।’
পাল্টা বঙ্গ–বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ‘আসা–যাওয়া ভবের খেলা। এ সব করে লাভ নেই। বিষয়টা ভাবতে হবে। কংগ্রেস এমন কাউকে প্রার্থী করল কেন, যাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। তৃণমূল সরকারই বা এতদিন কেন তাঁকে গ্রেপ্তার করেনি? প্রার্থীই বা এতদিন জামিন নেননি কেন? উনি জেলে থেকে লড়ুন না, অনেকেই তো লড়েন। বাইরে থেকে লড়লেও জামানত জব্দ হবে, ভিতরে থেকে লড়লেও তাই হবে।’
কালীঘাট–তৃণমূলের প্রার্থী নাম প্রত্যাহার করে নেওয়ার পরে এ দিন নন্দীগ্রামের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকার ছবি দিয়ে এ দিন বিধানসভার বিরোধী দলনেতা কালীঘাট শিবিরকে খোঁচা দিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন, ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইভিএমে রয়েছেন। অহঙ্কারী পরিবারবাদীরা আপাতত ইভিএম থেকে উধাও হয়ে গিয়েছেন। ভারতীয় গণতন্ত্রে আত্মম্ভরী, স্বৈরাচারী একনায়কদের কোনও জায়গা নেই।’ এ নিয়ে কুণালের প্রতিক্রিয়া, ‘বিজেপি যেগুলো করতে চাইছে, তা করার জন্যই এই শ্রেণিকে তৈরি করা হয়েছে। বিরোধীদের ক্ষতি করার জন্য বিরোধী দলনেতাকে কাজ করানো হচ্ছে।