মমতা সমর্থন করলেও জোটে আর আগ্রহই নেই কংগ্রেসের
মীর সহ একাধিক কংগ্রেস নেতার পর্যবেক্ষণ, বেগতিক না হলে হয়ত মমতা নন্দীগ্রাম আসনে কংগ্রেসকে কোনও ভাবেই সমর্থন করতেন না৷ এরই মাঝে কংগ্রেস হাইকমান্ডের কানে এসেছে কলকাতায় মমতার সঙ্গে ডিএমকে সাংসদ কানিমোঝির বৈঠকের কথা৷ কংগ্রেসকে বাদ দিয়ে ইন্ডিয়া ব্লকের প্রভাবশালী দলগুলিকে সঙ্গে নিয়ে তৃতীয় ফ্রন্ট গড়ার যায় কি না, ডিএমকে তার জল মাপছে। কানিমোঝির সঙ্গে মমতার বৈঠককে আদৌ ভালো চোখে দেখছে না কংগ্রেস হাইকমান্ড৷ প্রদেশ কংগ্রেসের অধীর চৌধুরী, ইশা খান চৌধুরী, মৌসম বেনজির নুর সহ মুর্শিদাবাদ, মালদার নেতারা মমতার সঙ্গে জোটে কোনওভাবেই রাজি নন। এআইসিসি–র সদস্য, বাংলার এক কংগ্রেস নেতার কথায়, ‘মমতার জমানায় কী ভাবে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর জেলায় দল ভাঙানো, আমাদের নেতা–কর্মীদের আক্রমণ করা, গ্রেপ্তার করা হয়েছে কেউ ভুলে যায়নি। জোট হলে ওই জেলাগুলিতে নিচুতলায় মারাত্মক প্রতিক্রিয়া হবে।’ প্রদেশ কংগ্রেসের একাধিক নেতার পর্যবেক্ষণ, জেলায় জেলায় তৃণমূলের নিচুতলার কর্মীরা কংগ্রেসে আসছেন। সেখানে মমতার সঙ্গে কোনও জোট করলে তৃণমূল জমানার চুরি–দুর্নীতি নিয়ে কংগ্রেসকে অকারণে প্রশ্নের মুখে পড়তে হবে। যদিও মমতা–তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, ‘গান্ধী পরিবারের প্রতি মমতার আলাদা শ্রদ্ধা আছে। কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে কমিউকেশন শুরু হয়েছে। যাঁরা এ সব কাজ (কংগ্রেস ভাঙানো) করেছিল তাঁরা অন্য শিবিরে চলে গিয়েছেন।’