Mamata Banerjee: নাম-প্রতীক ফ্রিজ়, কমিশনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মমতা | Mamata Banerjee Moves Supreme Court Challenging Election Commission Decision on TMC Name and Symbol
কলকাতা: প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তকে কখনও ‘অগণতান্ত্রিক’ আবার কখনও অবৈধ বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর দল। প্রয়োজনে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। সেই মতোই এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কমিশনের (Election Commission) সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে।
যুক্ত ঋতব্রতর নামও
জানা গিয়েছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় যুক্ত করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও। আগামী সপ্তাহেই প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হতে পারে। যদিও, এর আগে জল্পনা ছড়িয়েছিল নির্বাচনের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করা নিয়ে এক পা দুই পা করে পিছিয়ে যাচ্ছে তৃণমূল। কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা জানান, কমিশনের বিরুদ্ধে মামলা করা নিয়ে তৃণমূলের বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে।
মামলা করা নিয়ে কী কী প্রতিবন্ধকতা ছিল?
মনে করা হচ্ছিল, মামলা দায়ের হলেও রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচনের আগে কমিশনের এই অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত কার্যকর হওয়া ঠেকানো সম্ভব নয়। ফলে এই উপনির্বাচনের আগে এই মামলা কোনও কার্যকরী ফল আনবে না। এছাড়া আরও একটা কারণ ছিল, কমিশনের অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এখনই মামলা দায়ের করলে ফের কমিশনের কাছেই ফেরাতে পারে সুপ্রিমকোর্ট। কারণ কমিশন এখনও চূড়ান্ত ফয়সলা করেনি। তবে, শেষপর্যন্ত শীর্ষ আদালতেরই দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।