৬২ ঘণ্টা হিমশীতল সমুদ্রে! তবু বেঁচে ফিরল কিশোর - 24 Ghanta Bangla News
Home

৬২ ঘণ্টা হিমশীতল সমুদ্রে! তবু বেঁচে ফিরল কিশোর

Spread the love

এই সময়: মাছ ধরতে গিয়ে স্রোতে উল্টে গিয়েছিল তাদের নৌকো। প্রশান্ত মহাসাগরের বরফগলা জলে প্রায় ৬২ ঘণ্টা ভেসে থেকে প্রাণে বেঁচে ফিরল ১৫ বছরের এক কিশোর। ঘটনাটি ঘটে ৫ সেপ্টেম্বর আলাস্কার উপকূলের কাছে। কিশোরের নাম ডেরেক আঘনাঙ্গা। তাদের মাছ ধরার নৌকোটি আচমকা উল্টে যাওয়ায় জলে ডুবে মারা যান ডেরেকের দাদা ও এক তুতোভাই।

চোখের সামনে এই মর্মান্তিক ঘটনা দেখেও মনের জোর হারায়নি ডেরেক। দাদাদের দেহ যাতে ভেসে না যায় সে জন্য দু’জনের দেহ আঁকড়ে ধরে রাখে কিশোর। কিন্তু প্রবল স্রোতের মুখে আর ধরে রাখতে পারেনি তাঁদের দেহ। ছেড়ে দিতে বাধ্য হয় ডেরেক। উল্টে যাওয়া নৌকোয় প্রবল ঠান্ডায় সে ভেসে থাকে কোনও মতে।

প্রায় তিন দিন কেটে যাওয়ার পরে ৭ সেপ্টেম্বর ডেরেককে উদ্ধার করা হয়। যখন তাকে উদ্ধার করা হয় তখন সে জলশূন্যতা ও অতি ঠান্ডা থেকে হাইপোথার্মিয়ায় গুরুতর অসুস্থ। খালি তার শ্বাস পড়ছিল বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। মার্কিন কোস্ট গার্ড তাদের নিউজ় রিলিজ়ে জানিয়েছে, তারা ৭ তারিখ সকালে উল্টে যাওয়া নৌকোটি দেখতে পান।

সেন্ট লরেন্স আইল্যান্ড থেকে ৪ মাইল পূর্বে বেরিং সাগরের হিমশীতল জলে ভেসে ছিল কিশোরটি। তাকে উদ্ধার করার সঙ্গে সঙ্গে তার দুই দাদার মৃতদেহও জল থেকে উদ্ধার করে কোস্ট গার্ড। ডেরেককে উদ্ধার করেই তাকে এয়ারলিফট করে স্থানীয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আর্কটিক ডিস্ট্রিক্টের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল বব লিটল দুই যুবকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *