Bigg Boss Bangla: বিগ বসে সৃজলার হুঙ্কার, ‘সম্মান বেচতে আসিনি!’ শেষে বাধ্য হয়ে কী করলেন রাজবীর? | Bigg Boss Bangla Drama: Srijala Guha Fumes at Rajveer Dey Over Clothes, Says "Didn't Come to Sell Dignity" - 24 Ghanta Bangla News
Home

Bigg Boss Bangla: বিগ বসে সৃজলার হুঙ্কার, ‘সম্মান বেচতে আসিনি!’ শেষে বাধ্য হয়ে কী করলেন রাজবীর? | Bigg Boss Bangla Drama: Srijala Guha Fumes at Rajveer Dey Over Clothes, Says “Didn’t Come to Sell Dignity”

Spread the love

কী ঘটেছে রাজবীর আর সৃজলার মধ্যে?

সৃজলা গুহ (Srijala Guha) এবং রাজবীর দে (Rajveer Dey)— বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে এই দুই প্রতিযোগীকে ঘিরে এখন চরম উত্তেজনা। বাথরুম পরিষ্কার করা নিয়ে দুজনের মধ্যে এমন ঝগড়া বাধল যে, পুরো লিভিং এরিয়া একেবারে সরগরম হয়ে উঠল! পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে, সৃজলা স্পষ্ট জানিয়ে দেন তিনি নিজের সম্মান বিক্রি করতে এই শোতে আসেননি। ঠিক কী ঘটে বিগ বসের অন্দরে?

বাথরুমে জামাকাপড়, আর তাতেই শুরু বিপত্তি

বিগ বসের বাড়িতে প্রতিদিনের কাজের দায়িত্ব ভাগ করা থাকে। এদিন বাথরুম পরিষ্কার করার দায়িত্ব পড়েছিল রাজবীরের ঘাড়ে। কিন্তু বাথরুম পরিষ্কার করতে গিয়ে তিনি দেখেন, সেখানে বেশ কিছু জামাকাপড় পড়ে রয়েছে। বিরক্ত হয়ে রাজবীর সেই জামাকাপড়গুলো তুলে সোজা লিভিং এরিয়ায় নিয়ে আসেন। এরপর সবার সামনে তিনি জানতে চান, কার জামাকাপড় ওভাবে বাথরুমে পড়ে আছে! একটু পরেই জানা যায়, ওই জামাকাপড়গুলো আসলে সৃজলার। আর এই কথা সামনে আসতেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী। তর্কাতর্কি চলাকালীন সৃজলার জামা ফেলে দেন রাজবীর।

‘আমি সম্মান বেচতে আসিনি!’

সৃজলার রাগের প্রধান কারণ ছিল অন্য জায়গায়। তাঁর প্রশ্ন, একজন পুরুষ মানুষ হয়ে রাজবীর কীভাবে একজন মহিলার জামাকাপড়ে হাত দিলেন? তাও আবার তাঁকে একবারও না জানিয়ে! এই নিয়েই রাজবীরের সঙ্গে তাঁর তুমুল তর্ক শুরু হয়। রাজবীরও ছেড়ে দেওয়ার পাত্র নন! তিনি পালটা প্রশ্ন করেন, বাথরুমের মতো জায়গায় কেন ওভাবে জামাকাপড় ফেলে রাখা হবে?

তর্ক যখন চরমে ওঠে, তখন সৃজলা কড়া ভাষায় বলেন, “এটা একটা গেম শো। আমি এখানে সম্মান বেচতে আসিনি।” তাঁর সাফ কথা, রাজবীরের যদি কোনও সমস্যা ছিল, তবে তিনি সরাসরি সৃজলাকে সে কথা জানাতে পারতেন। কিন্তু না বলে তাঁর জিনিসে হাত দেওয়াটা তিনি কখনওই মেনে নেবেন না।

ক্যাপ্টেন সোহিনী ও অন্যান্যদের প্রতিক্রিয়া

ঝামেলা বাড়তে দেখে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ক্যাপ্টেন সোহিনী। অভিনেতা ভরত কলও সৃজলার পাশেই দাঁড়ান। তিনি জানান, মেয়েদের জামাকাপড়ে হাত দেওয়ার আগে রাজবীরের অন্তত একবার জানানো উচিত ছিল। তবে নন্দিনী আবার সৃজলার ভুল ধরিয়ে দেন। তিনি মনে করিয়ে দেন, এর আগেও সৃজলার জামাকাপড় ওখানে পড়ে থাকতে দেখা গিয়েছে। যদি তিনি ওখানেই নিজের জিনিস রাখতে চান, তবে আগে থেকে জানিয়ে দেওয়া দরকার।

অবশেষে এল বিগ বসের কড়া সতর্কবার্তা

এই ঘটনার পর জীতু আর রাজবীরকে নিজেদের মধ্যে আলোচনা করতে দেখা যায়। জীতু বলেন, বাথরুম পরিষ্কার করার দায়িত্ব যখন রাজবীরের, তখন তিনি এই নিয়ে প্রশ্ন তুলতেই পারেন। তবে রাজবীর বুঝতে পারেন, মাথা গরম করে পরিস্থিতি তাঁর হাতের বাইরে চলে গিয়েছে। পরে তিনি নিজেই গিয়ে সৃজলার কাছে ক্ষমা চেয়ে নেন।

সব শেষে, বিগ বসের তরফ থেকে বাড়ির সব সদস্যকে কড়া ভাষায় সতর্ক করা হয়। জানিয়ে দেওয়া হয়, এখানে নিজেদের ইচ্ছেমতো কোনও নিয়ম তৈরি করা বা ভাঙা যাবে না। বারবার একই ভুল হলে সেটাকে আর ভুল বলা যায় না, তা ইচ্ছাকৃত হয়ে দাঁড়ায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *