সিবিআই নজরে আমহার্স্ট স্ট্রিটের বেআইনি নির্মাণও, লগ্নি কল সেন্টারের টাকাও?
হাইকোর্ট সিবিআইকে সিট গঠন করে তদন্তের অনুমতি দেওয়ার পরে নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। কারণ হাইকোর্ট এই তদন্তে পুলিশ এবং পুরসভার অফিসারদের ভূমিকাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। এতগুলি নির্মাণ নিয়ে অভিযোগ থাকা সত্ত্বেও কেন পুরসভা নিজে থেকে অনুসন্ধান করেনি, তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছিল ডিভিশন বেঞ্চ। সিবিআইকে পুরসভা ও পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে প্রাথমিক অনুসন্ধান এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী ১৪ অক্টোবর প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আইনজীবীদের বক্তব্য, আগামী দিনের তদন্তে শুধু ‘কতগুলি বেআইনি বহুতল’ নয়, আরও বড় প্রশ্ন—কার অনুমতিতে, কার মদতে এগুলি নির্মাণ করা হয়েছিল, সেটিও দেখা হবে। আমহার্স্ট স্ট্রিটের পুরোনো মামলার নথি সেই প্রশ্নের উত্তর খোঁজার একটি গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে।