কলকাতা–হাওড়ার সঙ্গেই আরও ৫ পুরসভায় ভোটের ভাবনা রাজ্যের
এই সময়: কলকাতা ও হাওড়া পুরনিগম শুধু নয়, রাজ্য সরকার একইসঙ্গে ভোট করাতে চায় আরও পাঁচটি পুরসভার। এই পুরসভাগুলি হলো— বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং। ওয়ার্ড পুনর্গঠনের জেরে ধূপগুড়ি বাদে সব পুরনিগম ও পুরসভার আসন সংখ্যা বেড়েছে। রাজ্য সরকার চলতি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি নাগাদ এই পুরসভাগুলির সংরক্ষিত ওয়ার্ডের তালিকা ঘোষণা করতে পারে। সেখানেই চিহ্নিত করা হবে তফসিলি জাতি-উপজাতি এবং মহিলাদের জন্য পুরসভার কোন কোন ওয়ার্ড সংরক্ষিত হলো। আইন অনুযায়ী, এরপরে দশ সপ্তাহের মধ্যে রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) ভোট করাতে পারবে। ইতিমধ্যেই রাজ্য কমিশন ভোট করতে প্রায় ২১ হাজার ইভিএম কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছ থেকে সংগ্রহ করছে। ভোটের প্রস্তুতির জন্য আগামী মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ছ’টি পুরসভার জেলাশাসকদের নির্বাচন ম্যানেজমেন্ট সংক্রান্ত বৈঠক ডেকেছেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্তা।