‘বাংলায় ফিরছে শিল্পবান্ধব পরিবেশ,’ সল্টলেকের ইভেন্টে বড় বিনিয়োগের বার্তা মুখ্যমন্ত্রীর
কলকাতা: রাজ্যে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই ব্যবসা ও বাণিজ্যের অনুকূল পরিবেশ ফিরে এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সল্টলেক…
কলকাতা: রাজ্যে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই ব্যবসা ও বাণিজ্যের অনুকূল পরিবেশ ফিরে এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সল্টলেক সিটি সেন্টারে ‘বাজার্স স্টাইল রিটেইল লিমিটেড’-এর আয়োজনে বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ওয়ার্ডরোবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই বার্তা দেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম নথিভুক্ত হওয়া এই অর্জনকে বাংলার অর্থনৈতিক পুনরুজ্জীবনের একটি উজ্জ্বল নিদর্শন বলে উল্লেখ করেন তিনি।
এদিনের মঞ্চ থেকে আগামী তিন বছরে রাজ্যে ৫ হাজার কোটি টাকার বিপুল বিনিয়োগ এবং ১৪০টি নতুন স্টোর খোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, শুধু রিটেইল সেক্টরই নয়, পুরুলিয়ায় প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে একটি বড় মাপের সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার কাজ শুরু হয়েছে, যার জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে এবং রাজ্য সরকার সমস্ত প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান করবে।
বিগত চার মাসে শিল্প মহলে যে গতি এসেছে, তার বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, ডানকুনিতে শ্রীরাম ও লাক্স গ্রুপের প্রায় ৭০০ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্প এবং মেজিয়াতে শ্যাম স্টিলের ১৫ হাজার কোটি টাকার মেগা প্রজেক্টের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সাঁকরাইলে আমূলের ৬০০ কোটি টাকার ডেয়ারি প্ল্যান্টের পাশাপাশি রঘুনাথপুরে অমিত মেটালিক্সের নতুন প্রোজেক্টের কাজও পুরোদমে চলছে। নিউটাউনে এলঅ্যান্ডটি-র বিশাল ডেটা সেন্টার চালু হয়েছে এবং দুর্গাপুজোর আগেই ৬ হাজার কোটি টাকার নতুন হলদিয়া পেট্রোকেমিক্যালস প্ল্যান্টের উদ্বোধন হতে চলেছে।
প্রতিরক্ষা এবং পরিকাঠামো ক্ষেত্রেও একাধিক বড় পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, জিআরএসই-তে প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতিতে একাধিক প্রকল্প রূপায়িত হচ্ছে এবং পূর্ব মেদিনীপুরের জুনপুটে ডিআরডিও-র একটি প্রতিরক্ষা প্রকল্পের ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী দিনে শিল্পপতি গৌতম আদানির কলকাতা সফর এবং নিউটাউনে ২ হাজার শয্যার হাসপাতাল তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও আম্বানি পরিবারের সঙ্গে ইতিবাচক আলোচনার কথা জানান তিনি। তাজপুর গভীর সমুদ্র বন্দর প্রকল্পটিকে দাদন পাত্রবাড়ে স্থানান্তরিত করা হয়েছে এবং পুজোর আগেই ৩৩টি সংস্থাকে দীর্ঘদিনের বকেয়া জমিও হস্তান্তর করা হবে।
Advertisements
সবশেষে, আগামী কাল দিল্লিতে হতে চলা ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের বিশেষ সান্ধ্যভোজে যোগ দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে এই জাতীয় গুরুত্বপূর্ণ আয়োজনে উপস্থিত থাকা রাজ্যের জন্য অত্যন্ত মর্যাদার বিষয়।
‘বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক ছাড়া গাওয়া হবে না!’ নির্দেশ কর্ণাটক সরকারের
মাহেশে মমতার সভা: একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য