Ritabrata Banerjee: ‘পিএইচডি নেই, যাদবপুরের অধ্যাপক…’, ‘অনিলায়নে’ কী হত, মুখ খুললেন ঋতব্রত | Ritabrata Banerjee explains what happened during CPIM era
অনিলায়ন প্রসঙ্গে ঋতব্রতImage Credit: TV9 Bangla
কলকাতা: বৃহস্পতিবারের বিশেষ অধিবেশনে পেশ হওয়া শিক্ষা সংক্রান্ত নতুন বিল নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। কেন সকাল সাড়ে ১০টায় বিল সার্কুলেট করে ১১ টায় সেই বিল নিয়ে আলোচনা করতে হল, তা গণতন্ত্রের পক্ষে সুস্থ কি না, সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল বিধায়ক। একইসঙ্গে বাম আমলের কথাও উঠে এল তাঁর মুখে।
এদিন বিধানসভায় শিক্ষাক্ষেত্রে ‘অনিলায়ন’ ও ‘মমতায়নে’র কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাম আমলে শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রভাব নিয়ে যে চর্চা হয়, সেটাই ‘অনিলায়ন’ বলে পরিচিত। উল্লেখ্য, সেই সময় সিপিএমের রাজ্য সম্পাদক ছিলেন অনিল বিশ্বাস। আর রাজ্য বিধানসভার বর্তমান বিরোধী দলনতে ঋতব্রত একসময় সেই বাম রাজনীতির সঙ্গে একনিষ্ঠভাবে জড়িত ছিলেন। এদিন বিধানসভায় তাঁর মুখেও শোনা যায় সেই অনিলায়নের কথা।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে এদিন ঋতব্রত বলেন, “একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাকে ডেকে একটি বিশেষ বিশ্ববিদ্যালয়ের কথা জানতে চেয়েছিলেন। সেই সময় প্রথম সারির এক দৈনিকে উত্তর সম্পাদকীয় প্রকাশিত হয়েছিল। সেখানে যাদবপুর সম্পর্কে লেখা ছিল। পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ডেকে বলেছিলেন, উচ্চ শিক্ষামন্ত্রীকে চিঠি দাও। দিয়েছিলাম কাজ হয়নি। এবারও মন্ত্রীকে সেই তথ্য দিয়ে দেব।”
ঋতব্রত আরও বলেন, “সেই অনিলায়নের সময় আমার ছাত্র আন্দোলনের এক সহযোগী সোনারপুর কলেজে পড়াতেন। পিএইচডি নেই, হঠাৎ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়ে গেলেন। ডিটেল আকারে সে সব মন্ত্রীকে দিয়েছিলাম, কাজ হয়নি। যে ডেটা রয়েছে, তা দিয়ে দেখব।”