সোফা ও TV কোন দিকে রাখবেন? বাস্তু কী বলে? Ei Samay
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির লিভিং রুমকে ইতিবাচক শক্তি, পারিবারিক সম্পর্কের মাধুর্য এবং সুখ-সমৃদ্ধির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে মনে করা হয়। তাই শুধু লিভিং রুমটি বাড়ির সঠিক দিকে থাকা যথেষ্ট নয়। ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র কোন দিকে রাখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাস্তু বিশেষজ্ঞদের মতে, লিভিং রুম যদি পূর্ব দিকে হয়, তা হলে পরিবারের সদস্যদের মধ্যে সামাজিক যোগাযোগ আরও ভালো হতে পারে। পাশাপাশি এই দিকটি সুখ-সমৃদ্ধি, পারিবারিক সম্পর্ক এবং অতিথিদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে বলে মনে করা হয়। তবে ঘরের দিকের পাশাপাশি সোফা, টিভি-সহ বৈদ্যুতিন সামগ্রী সঠিক জায়গায় রাখাও জরুরি।
লিভিং রুমে সোফা কোথায় রাখবেন?
বাস্তুশাস্ত্র অনুযায়ী, লিভিং রুমে সোফার অবস্থান ঘরের শক্তির ভারসাম্যের সঙ্গে সম্পর্কিত। বাস্তু বিশেষজ্ঞদের মতে, সোফা যদি তুলনামূলক ভাবে হালকা হয়, তা হলে সেটি লিভিং রুমের পূর্ব দিকে রাখা যেতে পারে। মনে করা হয়, এর ফলে ঘরের আশপাশে ইতিবাচক পরিবেশ বজায় থাকে।
অন্যদিকে, সোফাটি যদি খুব ভারী হয়, অত্যন্ত নকশাদার হয় কিংবা অস্বাভাবিক রং ও আকৃতির হয়, তাহলে সেটি দক্ষিণ দেওয়ালের সঙ্গে লাগিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়। বাস্তুশাস্ত্রে ভারী আসবাব পূর্ব দিকে রাখা অনুকূল নয় বলে মনে করা হয়।