কোল ইন্ডিয়াকে উড়িয়ে সুপার সিক্স শুরু সবুজ-মেরুনের
সায়ন সেনগুপ্ত, কলকাতা: ডার্বির ধাক্কা ভুলে এবার কলকাতা ফুটবল লিগে চূড়ান্ত সাফল্য পাওয়াই অন্যতম লক্ষ্য মোহনবাগানের (Mohun Bagan)। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে বৃহস্পতিবার দুপুরে প্রিমিয়ার…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: ডার্বির ধাক্কা ভুলে এবার কলকাতা ফুটবল লিগে চূড়ান্ত সাফল্য পাওয়াই অন্যতম লক্ষ্য মোহনবাগানের (Mohun Bagan)। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে বৃহস্পতিবার দুপুরে প্রিমিয়ার ডিভিশন লিগের সুপার সিক্সের প্রথম ম্যাচে নেমেছিল বাস্তব রায়ের ছেলেরা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল কোল ইন্ডিয়া ফুটবল দল। শেষ পর্যন্ত ৫-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় মেরিনার্সরা। এদিন দলের হয়ে জোড়া গোল করেন সিনিয়র ফুটবলার মনবীর সিং। এছাড়াও একটি করে গোল পান সাহাল,আব্দুল সামাদ, সন্দীপ মালিক এবং কিয়ান নাসিরি। অন্যদিকে, কোল ইন্ডিয়ার হয়ে একটি মাত্র গোল করেন ইরফান সর্দার।
উল্লেখ্য, ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে ফুটবল খেলতে দেখা গিয়েছিল সবুজ-মেরুন খেলোয়াড়দের। সেক্ষেত্রে গোলের মুখ খুলতে খুব একটা সমস্যা হয়নি। ২১ মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন মনবীর সিং। তারপর বেশ কিছুক্ষণ প্রতিপক্ষ ফুটবলাররা আক্রমণে উঠে আসার চেষ্টা করলেও কাজের কাজ কিছুই হয়নি। তারপর ৩৫ মিনিটের মাথায় ব্যবধান আরও বাড়িয়ে দেন সাহাল আব্দুল সামাদ। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই তৃতীয় গোল হজম করে কোল ইন্ডিয়া। এবার গোল করে যান সন্দীপ মালিক।
তিন মিনিটের ব্যবধানে বল জালে জড়িয়ে দেন কিয়ান নাসিরি। যারফলে কার্যত ছন্নছাড়া ফুটবল খেলতে শুরু করে প্রতিপক্ষ ফুটবলাররা। এসবের মাঝেই ম্যাচের প্রথমার্ধের শেষ লগ্নে এসে পেনাল্টি আদায় করে সবুজ-মেরুন। সেখান থেকে বল গোলে রাখতে ভুল করেননি মনবীর সিং। প্রথমার্ধের শেষে ৫-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে মোহনবাগান। তবে দ্বিতীয়ার্ধে রক্ষণভাগে বাড়তি জোর দেয় কোল ইন্ডিয়া ফুটবল দল। যারফলে ব্যবধান আর বাড়েনি। তবে প্রথম থেকেই বেশ কয়েকবার গোলের সহজ সুযোগ পেয়েছিলেন সায়ন বন্দোপাধ্যায়। কিন্তু তিনি সফল হননি।
দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে ইরফান গোল করে ব্যবধান কমালেও জয় সুনিশ্চিত করতে একেবারেই অসুবিধা হয়নি সবুজ-মেরুনের।
Advertisements