Bigg Boss Bangla: বিগ বসের ঘরে প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি, জানেন কার কপালে শিকে ছিঁড়ল? | Here is who Bigg Boss Bangla 3 First Wildcard Entery
‘বিগ বস বাংলা সিজন ৩’ ঘিরে এই মুহূর্তে নেটপাড়ার পারদ তুঙ্গে। প্রথম সপ্তাহের ক্য়াপ্টেন ভরত কলের সঙ্গে অন্য প্রতিযোগীদের বিরোধ, মনামী ঘোষ ও ঝিলমের তীক্ষ্ণ বাক্যবাণ, তনুশ্রী ও জয়িতার হাই-ভোল্টেজ ড্রামা কিংবা দুর্নিবার সাহার বুদ্ধিদীপ্ত চাল—নিরঞ্জনের মুড সুইয়িং, সব মিলিয়ে ক্যামেরার ভেতরের সমীকরণ প্রতিমুহূর্তে বদলাচ্ছে। তার ওপর অনিন্দ্য সেনগুপ্তের আকস্মিক বিদায়ে গৃহসদস্য থেকে শুরু করে অনুরাগী, সবাই যখন হতবাক, ঠিক তখনই সামনে এল আরও এক বড় চমক। জল্পনা শুরু হয়েছে শোয়ের প্রথম ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগীর প্রবেশকে ঘিরে।
টলিপাড়ার গোপন খবর সত্যি হলে, ‘বিগ বস’-এর অন্দরে পা রাখতে চলেছেন পরিচিত মডেল তথা অভিনেতা রাজবীর দে। সোশাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা বেশ নজরকাড়া, কেবল ইনস্টাগ্রামেই তাঁর অনুরাগী সংখ্যা ৪৪ হাজারের ওপর। কিন্তু কে এই তরুণ অভিনেতা? তাঁর কেরিয়ারের ব্যাকগ্রাউন্ডই বা কী?
মূলত শিলিগুড়ির ছেলে হলেও কেরিয়ারের তাগিদে বর্তমানে তিনি মুম্বইয়ের বাসিন্দা। গ্ল্যামার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার আগে শিলিগুড়িতে একটি পোশাক ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন রাজবীর। ২০১৭ সালে ‘পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সংবাদের শিরোনামে আসেন তিনি। এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
জাতীয় স্তরের রিয়্যালিটি শো ‘এমটিভি রোডিজ’-এর অন্যতম চর্চিত মুখ ছিলেন তিনি। শুধু তাই নয়, জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কি ২’ এবং অল্ট বালাজির ব্লকবাস্টার সিরিজ ‘পাঞ্চ বিট ২’-তেও অভিনয়ের ছাপ রেখেছেন রাজবীর। গ্ল্যামার, ফিটনেস ও রিয়্যালিটি শোয়ের দীর্ঘ অভিজ্ঞতাকে সঙ্গী করে এবার তিনি পা রাখছেন বাংলার সবচেয়ে বিতর্কিত শোয়ের মঞ্চে। এবার দেখা যাক, এই খবর যদি সত্যি হয়, তাহলে পুরনো অতিথিদের সঙ্গে কীভাবে খাপ খাওয়াবেন রাজবীর!
প্রথম সপ্তাহেই অনিন্দ্যর মতো ‘প্যাসিভ’ প্লেয়ার বাদ পড়ার পর, রাজবীরের মতো এনার্জেটিক ও ফিটনেস-ফ্রিক ওয়াইল্ড কার্ড এন্ট্রি ঘরের বাকি প্রতিযোগীদের জন্য বেশ বড় চ্যালেঞ্জ হতে চলেছে বলে মনে করছেন গেম-বিশেষজ্ঞরা। এখন দেখার, এই মায়ানগরীর হ্যান্ডসাম হিরো বিগ বসের জটিল সমীকরণ ঠিক কতটা বদলে দিতে পারেন।