দেশের ১৫টি সাইবার ক্রাইমে কলকাতার ১০ সিম কার্ড, ধৃত ৩
এই সময়: অনেক ক্ষেত্রেই সাইবার অপরাধের অন্যতম হাতিয়ার বেআইনি সিম কার্ড, যা ইস্যু করার সময়ে ভুয়ো ঠিকানা ব্যবহার করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে অন্তত ১৫টি সাইবার জালিয়াতির ঘটনায় যোগ থাকা ১০টি সিম কার্ড বেআইনি ভাবে কলকাতা থেকে ইস্যু করা হয়েছিল বলে গোয়েন্দারা জেনেছেন। তদন্তকারীদের বক্তব্য, এ ক্ষেত্রে ভুয়ো ঠিকানা ব্যবহার করে, ভুয়ো দোকান দেখিয়ে টেলিকম সংস্থার পয়েন্ট অফ সেল (পিওএস) হাসিল করা হয়েছিল এবং সেখান থেকে বেআইনি ভাবে ইস্যু করা হয়েছিল সিম কার্ড। তার পরে সেই সব সিম কার্ড তুলে দেওয়া হয়েছিল সাইবার অপরাধীদের হাতে। অর্থাৎ, দেশ জুড়ে চলা সাইবার অপরাধের একটি চক্রের শিকড়ের সন্ধান পাওয়া গেল খাস কলকাতায়। ওই ঘটনার তদন্তে নেমে শনিবার তিন জনকে গ্রেপ্তার করেছে যাদবপুর থানার পুলিশ ও কলকাতা পুলিশের সাইবার সেল।
সাইবার জালিয়াতিতে জড়িতদের বেআইনি সিম কার্ড বিক্রি করার অভিযোগে মাস ছয়েক আগে কলকাতা পুলিশের সাইবার সেল উত্তর কলকাতা থেকে চার জনকে গ্রেপ্তার করেছিল।